বদরগঞ্জে মন্দিরের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে দুর্গামন্দিরের টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় মন্দিরের প্রতিমা ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে আহত হয়েছেন সাতজন। এর মধ্যে গুরুতর আহত সবুজ রায়কে (২৭) বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার রামনাথপুর ঘাটাবিল গোয়েন্দাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিঠুন রায় (২৮) ও দীনেশ রায় (৩২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ হেফাজতে মিঠুন রায় অভিযোগ করে বলেন, উপজেলার ঘাটাবিল গোয়েন্দাপাড়া দুর্গামন্দিরের অন্তত ৫০ হাজার টাকা মন্দিরের সাধারণ সম্পাদক দীনেশ রায়ের কাছে জমা ছিল। সামনে দুর্গাপূজা তাই মন্দিরে প্রতিমাগুলো কয়েক দিন আগে থেকে তৈরি করা হচ্ছে। এতে অর্থসংকট দেখা দেওয়ায় ওই দিন মন্দিরে সভা আহ্বান করা হয়। কিন্তু সেখানে দীনেশ রায় উপস্থিত না হওয়ায় সভার সিদ্ধান্তক্রমে তিন-চারজন তাঁকে ডাকতে বাড়িতে যান। এ সময় দীনেশ ও তাঁর সহযোগীরা উত্তেজিত হয়ে লাঠিসোঁটা নিয়ে সভায় উপস্থিত লোকজনের ওপর হামলা করেন এবং তারা একপর্যায়ে মন্দিরের নির্মাণাধীন প্রতিমাগুলো ভাঙচুর করেন।
এ ব্যাপারে জানতে চাইলে দীনেশ রায় অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কাছে মন্দিরের মাত্র দুই হাজার ৫০০ টাকা জমা আছে। মিঠুন রায় ও তাঁর লোকজন অন্যায়ভাবে মারধর করে আমাকে ফাঁসাতে প্রতিমাগুলো তাঁরা নিজেরাই ভাঙচুর করেছেন।’
খবর পেয়ে ঘটনাস্থলে যান বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান। এ ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, দুই পক্ষই পরস্পরবিরোধী লিখিত অভিযোগ থানায় দিয়েছে। বিষয়টি অতি গুরত্বসহকারে দেখা হচ্ছে।