বদরগঞ্জে যৌতুক না পেয়ে দ্বিতীয় বিয়ে, স্বামী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে যৌতুক না পেয়ে দ্বিতীয় বিয়ে করায় আগের স্ত্রীর করা মামলায় স্বামী বেলায়েত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রংপুরের বিচারিক হাকিমের আমলি আদালত (বদরগঞ্জ) গতকাল মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠান।

আদালত ও সুরাইয়ার পারিবারিক সূত্র জানায়, বদরগঞ্জ পৌর শহরের শাহাপুর গ্রামের দিনমজুর আউয়াল শেখের মেয়ে সুরাইয়া আক্তারের সঙ্গে ২০১৫ সালে উপজেলার ওসমানপুর দরগাহপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বেলায়েত হোসেনের বিয়ে হয়। প্রথমে বেলায়েতের মা-বাবা এই বিয়ে মেনে না নিলেও পরে সুরাইয়াকে বাড়িতে তোলেন। বিয়ের মাসখানেক পর সুরাইয়ার মাধ্যমে তাঁর মা-বাবার কাছে ৪ লাখ টাকা যৌতুক দাবি করে বেলায়েতের পরিবার। দিনমজুর বাবা আউয়াল দুই শতক বসতভিটা ও একটি গাভি বিক্রি করে ওই সময় সোয়া দুই লাখ টাকা যৌতুক দেন বেলায়েতকে। পরে আবারও যৌতুকের জন্য নির্যাতন শুরু করলে সুরাইয়া মামলা করেন। ওই মামলায় বেলায়েত ১৮ দিন কারাবন্দীও ছিলেন। এরপর সুরাইয়াকে ঘরে তুলে নিয়ে মামলাটি আপস-মীমাংসা করে বেলায়েত ও তাঁর পরিবার। কিছুদিন পর আবারও ৪ লাখ টাকা যৌতুক দাবি করে শুরু হয় নির্যাতন। অন্তঃসত্ত্বা সুরাইয়াকে বাবার বাড়িতে রেখে ৭ অক্টোবর দ্বিতীয় বিয়ে করেন বেলায়েত।