বদরগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শিশু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৩ বছরের আরেক শিশুকে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় ওই ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
সোমবার শিশুটির বাবার দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, চকলেটের প্রলোভন দিয়ে রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। সে স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
গ্রেপ্তার হওয়া শিশুটির বাবা অভিযোগ করেন, মেয়ে শিশুটির পরিবারের সঙ্গে বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে তাঁর বিরোধ থাকায় ওই মামলা সাজানো হয়েছে। আর মেয়ে শিশুর মা বিরোধের কথা স্বীকার করে জানান, এর সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই।
মামলার সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে সময় শিশুটির চিকিৎসা করেন সাদিকুর রহমান। তিনি বলেন, ‘শিশুটিকে ভর্তির সময় ভালোভাবে দেখেছি। শারীরিক কোনো সমস্যা পাইনি। ওই সময় শিশুর বাবা-মা বলেছিলেন, “তাঁদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে।” পরে বাবা-মায়ের জোরাজুরিতে শিশুটিকে ভর্তি করে নিয়েছিলাম।’
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সোমবার বেলা ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক আয়েশা সিদ্দিকা শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এ বিষয়ে মুঠোফোনে তিনি বলেন, ‘শিশুটির কোনো সমস্যা ছিল না। স্যারের (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) নির্দেশে আমি তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না তা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানকার চিকিৎসকেরা তা পরীক্ষা করে দেখবেন।
ঘটনায় দায়ের করা মামলায় প্রত্যক্ষ সাক্ষী হিসেবে ওই এলাকার রোকেয়া বেগমের (২৫) নাম উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, ‘আমি শিশু দুটিকে বাড়ির পাশের একটি শুকনো দিঘিতে দুপুরে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়ে শিশুটির মাকে তা বলেছিলাম। অথচ এটা নিয়ে মামলা-মোকদ্দমা দিয়ে দুই শিশুকে নাস্তানাবুদ করা হচ্ছে কেন, তা বুঝতে পারছি না।’
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ বলেন, ‘ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কোনো ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার দায়িত্ব মামলার তদন্ত কর্মকর্তার।’