বদরগঞ্জে সরকারি বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ
রংপুরের বদরগঞ্জ উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যের সরকারি বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা এ অভিযোগ করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পুরো উপজেলায় ১৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে।
গত বুধ ও শনিবার উপজেলার বুজুরুক হাজীপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবপুর, লোহানীপাড়া, মধ্যপাড়া, শাহেদা, কাঁচাবাড়ি চৌপতির হাট, আমরুলবাড়ি আসমতপাড়া, আফতাবগঞ্জ, জামুবাড়ি ডাঙ্গাপাড়া ও মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে অভিভাবক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষকদের বিরুদ্ধে সরকারি বই দেওয়ার সময় শিক্ষার্থীপ্রতি ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করে।
লোহানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেন, প্রধান শিক্ষিকা শাহিনা বেগম বই বিতরণে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫০-১০০ টাকা করে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে কয়েকজন অভিভাবক বুধবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
বুধবার উপজেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে সেখানকার ১১ জন শিক্ষার্থী অভিযোগ করে, প্রধান শিক্ষক সদরুল আলম তাদের কাছ থেকে ২০-৪০ টাকা করে নিয়ে বই দিয়েছেন। সদরুল আলম বলেন, ‘বইয়ের জন্য নয়, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোছাদ্দেক হোসেনের নির্দেশে শিক্ষার্থীদের ছবি তোলার জন্য টাকা নিয়েছি।’
জানতে চাইলে মোছাদ্দেক হোসেন বলেন, ‘আমি কোনো টাকা নিতে বলিনি। যদি কেউ টাকা নিয়ে থাকে, তা ফেরত দিতে বলব।’
গত শনিবার বুজুরুক হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বই বিতরণের এক দিন আগে ভর্তির জন্য ১০ টাকা ও বইয়ের জন্য ৩০ টাকা করে নিয়েছেন। টাকা নেওয়ার সত্যতা স্বীকার করে নজরুল ইসলাম বলেন, ছবি তোলার জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ওই টাকা নেওয়া হয়েছে। এ টাকা নিতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে মন্ত্রণালয়ের চিঠি আছে। এ টাকা নিতে পারব।’ তবে তিনি কোনো মন্ত্রণালয়ের চিঠি এই প্রতিবেদককে দেখাতে পারেননি। ওই বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম বলেন, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, সরকারি বই বিতরণের আগে ছবি তোলার অজুহাতে বা অন্য কোনোভাবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। যাঁরা নিয়েছেন তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, যেসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে।