রংপুরের বদরগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারের চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হতে চলেছে। বাজারের চেয়ে সরকার–নির্ধারিত দাম অনেক কম হওয়ায় উপজেলার মাত্র ১৬ জন মিলমালিক চাল দিতে চুক্তি করেছেন। এই মালিকেরা চাল দেবেন মাত্র ৪৬০ মেট্রিক টন। অথচ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন।
জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, বদরগঞ্জে তালিকাভুক্ত চালকলের সংখ্যা ৫২টি। গত মৌসুমে ৪৮টি চালকলের মালিক খাদ্যগুদামে চাল দেওয়ার চুক্তি করেছিলেন। এবার বাজারে চালের দাম বেশি হওয়ায় মাত্র ১৬টি চালকল সরকারি গুদামে চাল দেওয়ার চুক্তি করেছে। আবার আগামী ৩০ আগস্ট পর্যন্ত সরকারি গুদামে চুক্তিবদ্ধ মিলমালিকদের চাল নেওয়া হবে। অথচ আজ (গতকাল শুক্রবার) পর্যন্ত তাঁরা কোনো চালই দেননি। এক প্রশ্নের জবাবে খাদ্য নিয়ন্ত্রক বলেন, যেসব মিলমালিক সরকারের সঙ্গে চাল দেওয়ার চুক্তি করেননি, সরকার তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৮২ মেট্রিক টন চাল কেনার লক্ষ্য ঠিক হয়েছে। এর মধ্যে সিদ্ধ চাল ১ হাজার ৬৪৯ টন এবং আতপ চাল ৩৩ মেট্রিক টন। কিন্তু উপজেলায় তালিকাভুক্ত ৫২টি চালকলের মধ্যে গত ৩১ মে চুক্তির শেষ দিন পর্যন্ত মাত্র ১৬টি চাল দেওয়ার চুক্তি করেছে। তারা মাত্র ৪৬০ মেট্রিক টন সিদ্ধ চাল দেবে।
বদরগঞ্জ পৌর শহরের চালের বাজার গত এক সপ্তাহের মূল্য পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রতি কেজি মোটা চাল খুচরা সর্বনিম্ন ৪০ টাকা দরে বিক্রি হয়েছে।
চালকলমালিক রতন কুন্ডু বলেন, সরকার মিলমালিকদের কাছ থেকে চাল কিনবে প্রতি কেজি ৩৪ টাকায়। এখন বাজারে মোটা চালের দর সর্বনিম্ন ৪০ টাকা। তাহলে মিলমালিকেরা চাল পাবেন কোথায়? লাভ দূরের কথা, গুদামে চাল দিলে মিলমালিকদের কেজিপ্রতি লোকসান হবে কমপক্ষে ৭ টাকা। এ কারণে তিনি এবার চুক্তি করেননি।