বদরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় নাছিমা বেগম (৩৩) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী আবদুর রাজ্জাক (৩৮) পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মাঠেরহাট দক্ষিণ কচুয়াপাড়া গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজ্জাককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যক্তিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্জাকের কয়েকজন প্রতিবেশী বলেন, রাজ্জাকের সঙ্গে একই গ্রামের মৃত বদিয়া উদ্দিনের মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয় প্রায় ১৭ বছর আগে। বিয়ের পর সুখে কাটছিল তাঁদের সংসার। পাঁচ বছর আগে হঠাৎ করে রাজ্জাক নেশাগ্রস্ত হয়ে পড়েন। নেশার টাকা জোগাতে শুরু হয় সংসারে অভাব-অনটন। রাজ্জাক নেশার টাকার জন্য প্রায়ই নাছিমাকে শারীরিক নির্যাতন করতেন। এ কারণে চার মাস আগে নাছিমা বাবার বাড়িতে চলে যান। গত শুক্রবার তিনি গ্রামের অন্য নারীদের সঙ্গে রংপুর সদর উপজেলার কাটাবাড়ি গ্রামে ইসলামী জলসায় যান। সুযোগ বুঝে নাছিমাকে রাজ্জাক সেখান থেকে মোটরসাইকেলে করে নিয়ে আসেন ও রাস্তায় পিটিয়ে আহত করেন। এরপর বাড়িতে নিয়ে এলে গতকাল ভোরে নাছিমা মারা যান। পরে সকালে রাজ্জাক গ্রামে প্রচার করেন নাছিমা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় এলাকাবাসীর সন্দেহ হলে রাজ্জাককে আটক করে পুলিশে দেন।
নাছিমার বড় ভাই আবদুল কালাম অভিযোগ করে বলেন, ‘রাজ্জাক বন্ধুদের সঙ্গে নিয়ে আমার বোনকে পিটিয়ে হত্যা করেছেন। আমরা তাঁর কঠিন শাস্তি চাই।’
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, ওই ঘটনায় রাজ্জাকের বিরুদ্ধে নাছিমার মা রাশেদা বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নাছিমার শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম রয়েছে।