বদরগঞ্জে ৩৬ চালকল মালিককে শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে সরকারি খাদ্যগুদামে চাল দেওয়ার চুক্তি না করায় ৩৬ চালকলের মালিককে শাস্তি দিয়েছে খাদ্য অধিদপ্তর। এসব চালকলের মালিক আগামী চার মৌসুমে খাদ্যগুদামে চাল দিতে পারবেন না।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মকবুল হোসেন গতকাল বৃহস্পতিবার বলেন, ‘গত মঙ্গলবার ঢাকা খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি আমরা হাতে পেয়েছি।’ চিঠিতে বলা হয়, ‘যেসব চালকল মালিক গত ৩১ মের মধ্যে চাল দেওয়ার চুক্তি করেননি, তাঁরা আগামী চার মৌসুমে ও যাঁরা চুক্তি করেও আগামী ৩১ আগস্টের মধ্যে চাল দেবেন না, তাঁরা দুই মৌসুমে সরকারি খাদ্যগুদামে চাল দিতে পারবেন না।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জে তালিকাভুক্ত চালকলের সংখ্যা ৫২। প্রতি কেজি ৩৪ টাকা দরে সরকার চলতি বোরো মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৪৯ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩৩ মেট্রিক টন আতব চাল ক্রয়ের লক্ষ্য হাতে নেয়। সরকারের সঙ্গে চালকল মালিকদের চাল দেওয়ার চুক্তির শেষ তারিখ ছিল গত ৩১ মে। ওই দিন পর্যন্ত উপজেলায় ১৬ জন চালকলের মালিক ৪৬০ মেট্রিক টন ও ১৪০ কেজি চাল দিতে সরকারের সঙ্গে চুক্তি করেন। কিন্তু সরকারের নির্ধারিত দামের চেয়ে বাজারে প্রতি কেজি চাল ৮-৯ টাকা বেশি হওয়ায় ৩৬ চালকলের মালিক চাল দেওয়ার চুক্তি করেননি। গত বুধবার পর্যন্ত সরকারের সঙ্গে চুক্তি করা ১৬ চালকল মালিকের মধ্যে মাত্র দুই চালকলের মালিক সরকারি খাদ্যগুদামে ১০ মেট্রিক টন চাল সরবরাহ করেছেন।

৩ জুন প্রথম আলোর বিশাল বাংলায় ‘বদরগঞ্জে সরকারের চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হচ্ছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।