বদরগঞ্জে 'সিঁড়ি'র এমডি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা (এনজিও) সিঁড়ির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল কাদের মজুমদারসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। প্রতারণা ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পৌর শহরের বালুয়াভাটা গ্রামের দিলজান বেগম গত রোববার ওই মামলা করেন। দিলজান ওই এনজিওর সদস্য। আবদুল কাদের মজুমদারকে কারাগারে পাঠানো হয়েছে।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, এমডি কাদের মজুমদারকে আটকে রেখে সদস্যদের বিক্ষোভ করার কথা জানতে পেরে গত বৃহস্পতিবার তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। কিন্তু ভুক্তভোগী সদস্যরা কেউই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ না দিলে পরদিন তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়। পরে রোববার ভুক্তভোগী সদস্য দিলজান বাদী হয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে থানায় মামলা করলে তা নথিভুক্ত করে ওই মামলায় কাদের মজুমদারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে কাগজপত্র পাঠানো হয়। এমডি কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এখনো রিমান্ডের শুনানি হয়নি।
তবে গত শুক্রবার থানাহাজতে থাকা অবস্থায় এমডি কাদের মজুমদার প্রথম আলোকে জানিয়েছিলেন, তাঁর এনজিও বৈধ। সদস্যদের টাকা তিনি আত্মসাৎ করেননি। এনজিওর মাঠকর্মী আমিনুল ইসলামকে বদরগঞ্জ শাখা থেকে রংপুর শাখায় বদলি করা হলে তিনি (আমিনুল) অসৎ উদ্দেশ্যে সদস্যদের ভুল বুঝিয়ে ওই ঘটনা ঘটান।