বদরগঞ্জের পালপাড়ায় তিন বছরে ৩৮ ছাত্রীর বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমতার স্বপ্ন ছিল শিক্ষক হবে। কিন্তু বয়স ১৩ শেষ হতে না হতেই বাবা-মা তার বিয়ে দিয়ে দেন। অভাবের কারণে নয় মাস আগে মেয়েকে স্বামীর ঘরে পাঠান তাঁরা। মমতার সব স্বপ্নের ইতি ঘটে সেখানেই। রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের মেয়ে ছিল সে। পড়ত মমিনপুর স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে।
খোঁজ নিয়ে জানা যায়, শুধু মমতা পাল নয়। ওই গ্রামে নয় মাসে ১১ জনসহ গত তিন বছরে ৩৮ স্কুলছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে। এসব বিয়ে বন্ধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান পদক্ষেপ নেয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, গ্রামটিতে সহস্রাধিক মানুষের বাস। তিনটি পাকা বাড়ি ছাড়া টিনশেড ও বেড়ার তৈরি বাকি ঘরবাড়িগুলো। গ্রামে উচ্চশিক্ষিত মানুষ যেমন নেই, তেমনি নেই কোনো চাকরিজীবী। শিক্ষার হার কম হওয়ায় গ্রামে কুসংস্কার বেশি।
গ্রামের ধরনী কান্ত (৬০) বলেন, ‘বাবু, আমাগের হিন্দুদের মধ্যি কম বয়সে মেয়াক বিয়া দিবার পারলে যৌতুকের টাকা কম লাগে, ভালো পাত্তর পাওয়া যায়।’
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের মে পর্যন্ত গ্রামের অন্তত ৩৮ জন স্কুলছাত্রীর বিয়ে হয়েছে।
মমিনপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্বরঞ্জন রায় এই প্রতিবেদককে বলেন, ‘আমি এই স্কুলে নতুন যোগদান করেছি। ছাত্রীদের বিয়ে হওয়ার সংবাদ কেউ আমাকে জানায়নি।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমল হোসেন বলেন, ‘ছাত্রীদের বিয়ে হওয়ার পর আমরা সংবাদ পাই। তখন করার কিছুই থাকে না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে হলে শরীর ভেঙে যায়। কম বয়সে সন্তান প্রসবকালে জীবনের ঝুঁকি বাড়ে। কিশোরী মা ও শিশু দুজনই অপুষ্টিতে ভোগে। তা ছাড়া এসব নারীর জরায়ুর মুখে ক্যানসার হওয়ারও ঝুঁকি বেশি থাকে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জমির উদ্দিন প্রামাণিক বলেন, ‘পালপাড়ার লোকজন দরিদ্র। তবে ওই গ্রামে কম বয়সে যে এত মেয়ের বিয়ে হয়েছে, তা জানা ছিল না। খোঁজ নিয়ে দেখব।’
রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়সিন্ধু তালুকদার বলেন, ‘আমি বাল্যবিবাহ বন্ধে তৎপর রয়েছি। কিন্তু বাল্যবিবাহ বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসা দরকার। কিন্তু রহস্যজনক কারণে তাঁরা পদক্ষেপ নেন না।’