বদরগঞ্জের সেই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের মোখলেছার ডায়াগনস্টিক সেন্টারে গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় ক্লিনিক পরিচালনার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আদালত প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এদিকে প্রসূতি ও দুই নবজাতক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান সেন্টারটি সিলগালা করে দেন।
গত শুক্রবার সকাল ১০টার দিকে বদরগঞ্জ পৌরসভার জামুবাড়ি সরদারপাড়া গ্রামের মাজেদা বেগম প্রসবব্যথা নিয়ে মোখলেছার ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। এরপর সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে দুই সন্তানের জন্ম দেন। বেলা দেড়টার দিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মা ও দুই নবজাতকের মৃত্যু হয়।
এ ঘটনায় গত শনিবার প্রথম আলোয় ‘অস্ত্রোপচারের পর মা ও দুই নবজাতকের মৃত্যু’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এরপর জেলা সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ারা বেগম পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রধান করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট সৈয়দা শাহনাজ নাসরুল্লাহকে। তিনি গতকাল ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেন।
জানতে চাইলে মনোয়ারা বেগম বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে।