বদরুলকে বহিষ্কার করল শাহজালাল বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলমকে স্থায়ী বহিষ্কার করেছে। একই সঙ্গে ঘটনার দিন এমরানসহ যাঁরা খাদিজাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান, তাঁদের ধন্যবাদ জানানো হয়েছে।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২০১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বদরুল এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতকে।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২০১তম সভা শুরু হয়। উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিন্ডিকেটের সদস্যরা অংশ নেন। সভায় অন্যান্য আলোচ্যসূচির সঙ্গে বদরুলের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটির প্রতিবেদনও ছিল। কমিটির প্রতিবেদনে বদরুলকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে বদরুলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদারকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ নামে একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিন্ডিকেটের সদস্যসচিব ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় তাঁর ওপর চাপাতি নিয়ে হামলা চালান বদরুল আলম। খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক দফা অস্ত্রোপচার শেষে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই খাদিজার সহপাঠীসহ ঘটনাস্থলে উপস্থিত লোকজন ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে সোপর্দ করেন।