বদরুলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদিজা বেগম
খাদিজা বেগম

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাখিল করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সূত্রে জানা গেছে, রোববার উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বদরুলের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটির প্রতিবেদনও আলোচ্যসূচিতে ছিল। ওই প্রতিবেদনে করা সুপারিশের ভিত্তিতে বদরুলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর সত্যতা নিশ্চিত করেন সিন্ডিকেটের সদস্যসচিব ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
বদরুল আলম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক। তিনি ৩ অক্টোবর খাদিজা বেগমের ওপর চাপাতি নিয়ে হামলা করেন। এর পরপরই বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।