সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা বদরুল আলমের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল শুক্রবারও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষোভ, মানববন্ধন হয়েছে।
সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বিকেলে খাদিজাদের বাড়ি সদর উপজেলার হাউসা গ্রামে মানববন্ধন করে এলাকাবাসী। সংহতি জানিয়ে এ কর্মসূচিতে বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন।
এর আগে আবদুল মোমেন খাদিজাদের বাড়িতে যান এবং তাঁর মা ও বাবার সঙ্গে কথা বলেন। তাঁদের সান্ত্বনা জানিয়ে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী দেশের বাইরে থাকায় তাঁর পক্ষে আমি এসেছি আপনাদের দেখতে। অর্থমন্ত্রী দেশে ফিরলে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের সাক্ষাতের ব্যবস্থা করা যায় কি না—এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ খাদিজার বাড়ি থেকে ফিরে তিনি বিকেলে তেমুখীতে আটটি সামাজিক সংগঠনের আয়োজন করা মানববন্ধনে অংশ নেন।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, খাদিজার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখা যৌথভাবে শহরের চৌমোহনা চত্বর থেকে মশাল মিছিল বের করে। মিছিলটি শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে আবার চৌমোহনা চত্বরে ফিরে আসে। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, খাদিজার ওপর হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকালে হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস (অ্যালার্ট) এ কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, এই নৃশংসতার ন্যায়বিচার না হলে সমাজে এ ধরনের অপরাধ বাড়বে। ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হামলাকারী সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।
গত সোমবার বিকেলে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর খাদিজাকে কুপিয়ে আহত করেন ছাত্রলীগের নেতা বদরুল। পরে খাদিজার সহপাঠী ও স্থানীয় জনতা ধাওয়া করে বদরুলকে আটকের পর পুলিশে সোপর্দ করেন। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক। খাদিজাকে প্রথমে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এক দফা অস্ত্রোপচার শেষে ঢাকায় পাঠানো হয়। স্কয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। খাদিজার অবস্থা সংকটাপন্ন।