বদলগাছিতে এক যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলায় মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার জিধিরপুর কদমতলী মাঠ থেকে গতকাল মঙ্গলবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় গতকাল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মহিদুল ইসলাম উপজেলা সদরের কলেজপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে জিধিরপুর কদমতলী মাঠে মহিদুল ইসলামের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মহিদুলের লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়। এ সময় পুলিশ লাশের পাশ থেকে একটি লাঠি, মেয়েদের চুল বাঁধার ক্লিপ ও কোমল পানীয়ের বোতল উদ্ধার করে। এ ছাড়া লাশের পাশে মাটিতে ‘মাছুম ইক রানা’ কথা লেখা দেখতে পায় পুলিশ।
মহিদুলের পরিবার সূত্রে জানা গেছে, মহিদুল গত সোমবার বিকেলে নওগাঁ যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী থানার উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, মহিদুলের দাঁত ভাঙা, মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও ডান কানের নিচে গর্ত পাওয়া গেছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, লাশের পাশে যেসব জিনিস পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে, নারীঘটিত ব্যাপারে কেউ তাঁকে হত্যা করে থাকতে পারে।