বদলগাছীতে হামলায় নিহত ১, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছিতে এক মাদক ব্যবসায়ীকে আটকের জের ধরে হামলায় দুলাল হোসেন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, নিহত দুলাল হোসেনের বাবা আনিছুর রহমান বাদী হয়ে এমরানসহ নয়জনকে আসামি করে থানায় হত্যা মামলাটি করেন। এরপর মামলার আসামি আবদুল মান্নান, রানাদুল ইসলাম ও দীপুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রামবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার কাশিমালা গ্রামের অছিমদ্দিনের ছেলে এমরান হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, প্যাথেডিনসহ বিভিন্ন প্রকার মাদকের ব্যবসা করে। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়েও তাকে আটক করতে ব্যর্থ হয়। পরে পুলিশ গ্রামবাসীর সহযোগিতা কামনা করে। গত সোমবার সন্ধ্যায় একই গ্রামের দুলাল হোসেন ও তার ভাই হেলাল হোসেনসহ গ্রামের ১০-১২ জন মহেশপুর গ্রামের মোড়ে এমরানকে আটক করে থানায় খবর দেন। এ সময় এমরানকে আটকের কথা ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে মহেশপুর মোড়ে গিয়ে দুলাল হোসেন ও তার ভাই হেলাল হোসেনসহ কয়েকজনের ওপর হামলা চালায় এবং তাদের মারধর করে পুলিশ আসার আগেই এমরানকে ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত দুলাল হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে দুলাল মারা যায়।