প্রায় এক বছর আগে বদলি হয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব। তাঁর জায়গায় নতুন একজন যোগদানও করেছেন। তবু সাবেক সচিব ইউপি চেয়ারম্যানের সঙ্গে যৌথ স্বাক্ষরে বিভিন্ন প্রকল্পের অর্থ উত্তোলন করে চলেছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই সচিবকে নিয়ে গতকাল রোববার সাংবাদিক ও জনতার মুখোমুখি হন ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন।
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বর্তমান ইউপি সচিব মোহাম্মদ আলী বলেন, সরকারি আদেশে গত বছরের ১১ আগস্ট তিনি ভাকুর্তা ইউনিয়ন পরিষদে (ইউপি) যোগদান করেন। একই আদেশে ভাকুর্তা থেকে সাভার ইউনিয়ন পরিষদে বদলি করা হয় সচিব আমির হোসেনকে। এরপর আমির হোসেন তাঁকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে চলে যান। তিনি বলেন, কোনো কর্মকর্তা বা কর্মচারী বদলি হওয়ার পর তাঁর পরবর্তীজনকে (যিনি ওই পদে যোগদান করেন) সকল দায়িত্ব বুঝিয়ে দিতে বাধ্য। পাশাপাশি ব্যাংক হিসাবসহ সব ধরনের আর্থিক লেনদেন পরিচালনার জন্য সংশ্লিষ্ট দপ্তরে নতুন কর্মকর্তা বা কর্মচারীর নমুনা স্বাক্ষর পাঠানোর কথা। আমির হোসেন বদলি হওয়ার পর এসবের কিছুই করা হয়নি।
এদিকে দীর্ঘদিনেও দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় মোহাম্মদ আলী গত ২৪ মে আমির হোসেন ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। অনুলিপি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বিষয়টি জানান তিনি।
লিখিত অভিযোগে মোহাম্মদ আলী উল্লেখ করেন, বদলি হওয়ার পরও আমির তথ্য গোপন করে নিয়মবহির্ভূতভাবে ভাকুর্তা ইউপির সচিব হিসেবে চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে যৌথ স্বাক্ষরে সোনালী ব্যাংক সাভার শাখা থেকে ১৭ লাখ টাকা উত্তোলন করেন, যা পরবর্তীকালে বিভিন্ন প্রকল্পের অনুকূলে খরচ দেখানো হয়। অভিযোগে বলা হয়, সাবেক সচিবের যোগসাজশে ২০১৬-১৭ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের (৪০ দিনের কর্মসূচি) প্রথম ধাপের ২২ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করা হয়।
আমির হোসেন বলেন, ‘চেয়ারম্যান আমাকে স্বাক্ষর করতে বলেছেন, তাই করেছি। এ ক্ষেত্রে আমার কিছু করার ছিল না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভুল হয়ে গেছে, আমি খুব শিগগির দায়িত্ব বুঝিয়ে দেব।’
আনোয়ার হোসেন বলেন, বর্তমান সচিব নিয়মিত অফিস করেন না। তাই বাধ্য হয়ে সাবেক সচিবের সঙ্গে যৌথ স্বাক্ষরে আর্থিক লেনদেন করা হয়েছে। সাবেক সচিবের সঙ্গে যৌথ স্বাক্ষরে অর্থ উত্তোলন নিয়মের মধ্যে পড়ে কি না, সে বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, অবৈধ হলেও সরকারি অর্থের কোনো অপচয় করা হয়নি। প্রতিটি প্রকল্পে শতভাগ অর্থ ব্যয় করা হয়েছে।
ইউএনও আবু নাসের বেগ বলেন, বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।