বদলি-বাণিজ্যের অভিযোগ শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহার
বদলি-বাণিজ্যের অভিযোগে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এ বি এম সিদ্দিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে অধিদপ্তরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়। অধিপ্তরের প্রশাসন শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব রেবেকা সুলতানার স্বাক্ষরিত এই আদেশ ফ্যাক্সে বগুড়ায় এসে পৌঁছায়।
এর আগে বুধবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা এ বি এম সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যসহ নানা অভিযোগ এনে বগুড়ার জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন। একই অভিযোগে গত মঙ্গলবার ওই কর্মকর্তাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তাঁরা।
শিক্ষকদের অভিযোগ, মাস দেড়েক আগে যোগদান করার পর বিভিন্ন উপজেলায় তিন শতাধিক শিক্ষককে বদলির সুযোগে তিনি অন্তত ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নিয়ম অনুযায়ী এসব বদলির প্রস্তাব উপজেলা শিক্ষা কার্যালয় থেকে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও তিনি নিজেই বদলির আদেশ জারি করে তা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠান।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সদরের ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপাতে চারজন শিক্ষক থাকার কথা। ডিপিইও ওই চারজন শিক্ষকের মধ্যে কয়েক দিন আগে আলী হাসান নামে একজনকে সাতশিমুলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন। অথচ আজ পর্যন্ত ওই বিদ্যালয়ের শূন্য পদে কাউকে দেওয়া হয়নি। একইভাবে রাজাপুর সরকারি বিদ্যালয় থেকে মরিয়ম বানু নামে একজন শিক্ষককে বারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন। ওই বিদ্যালয়ে এখনো কাউকে দেওয়া হয়নি।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, শিক্ষক বদলির প্রস্তাব উপজেলা শিক্ষা কর্মকর্তাদের দপ্তর থেকে জেলা কার্যালয়ে যাওয়ার কথা। কিন্তু গত কয়েক দিনে যেসব বদলির আদেশ জারি করা হয়েছে, তা সবই এসেছে ডিপিইওর কার্যালয় থেকে। উপজেলা থেকে কোনো প্রকার মতামত নেওয়া হয়নি।
অভিযোগ অস্বীকার করে এ বি এম সিদ্দিকুর রহমান বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তারা যেভাবে প্রস্তাব পাঠিয়েছেন, সেভাবেই বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কারও কাছ থেকে কোনো প্রকার অর্থ নেওয়া বা গোপনে আদেশ তৈরির অভিযোগ সত্য নয়।
এ ছাড়া ডিপিইওর বিরুদ্ধে অধিদপ্তরের অনুমতি ছাড়াই ওপেন টেস্ট নামে পরীক্ষা চালুর মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে ফি হাতিয়ে নেওয়া, অবসর ভাতা ও জ্যেষ্ঠতার স্কেল প্রদানের নামে অর্থ আদায়, দাপ্তরিক নথিতে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তাদের মতামত না নেওয়াসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।