বদির মুক্তির দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ আবদুর রহমান বদিকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে মিছিল করেন শতাধিক নারী। এ মিছিলের নেতৃত্ব দেন বদির বোন নাজমা আক্তার। ছবি: প্রথম আলো
সাংসদ আবদুর রহমান বদিকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে মিছিল করেন শতাধিক নারী। এ মিছিলের নেতৃত্ব দেন বদির বোন নাজমা আক্তার। ছবি: প্রথম আলো

কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদিকে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও মুক্তির দাবিতে আজ রোববার টেকনাফ-কক্সবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁর অনুসারীরা।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলা আদালত আজ তাঁকে কারাগারে পাঠান। এরপরই তাঁর অনুসারীরা বিক্ষোভ করেন। তাঁদের বিক্ষোভ ও অবরোধের কারণে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ থাকে। সাংসদ বদি কারাগারে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুর সাড়ে ১২টার পর থেকে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন সড়কে আবদুর রহমান বদির অনুসারীরা গাছের গুঁড়ি এবং এলোপাতাড়ি গাড়ি রেখে যান চলাচল বন্ধ করে দেন। তাঁরা ১০-১২টি মোটরসাইকেলে চড়ে লাঠিসোঁটা নিয়ে পৌরসভা মার্কেটের দোকানে সাটারে বাড়ি মেরে দোকান বন্ধ করে দেন। এ ছাড়া বদির অনুসারীরা চার্জারচালিত অটোরিকশায় মাইকিং করে তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ চলছে বলে প্রচার চালান। মাইকে বলা হয়, যতক্ষণ সাংসদকে ছাড়া হবে না ততক্ষণ সড়ক অবরোধ চলবে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধে অংশ নেন।

এদিকে টেকনাফ-কক্সবাজার সড়ক অবরোধ করে শতাধিক নারী বদির মুক্তির দাবিতে মিছিল করেছেন। এই মিছিলের নেতৃত্ব দেন সাংসদ বদির ছোট বোন নাজমা আক্তার। মিছিলে তাঁরা স্লোগান দেন, ‘বদি ভাই জেলে কেন, শেখ হাসিনা জবাব চাই, প্রশাসন জবাব চাই’।

সাংসদের মুক্তির দাবিতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরের নেতৃত্বে শহরে মিছিল হয়েছে। মিছিল শেষে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে মো. আলম বাহাদুর বলেন, সাংসদ আবদুর রহমান বদিকে মুক্তি না দেওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, দুপুর থেকে সড়ক অবরোধকারীদের সড়ক থেকে হটিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পাঁচটি দল বিভিন্ন সড়কে অবস্থান করছে।