বদির স্ত্রীকে ছেড়ে দেওয়া নিয়ে তোলপাড়
কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সাংসদ আবদুর রহমান ওরফে বদির দ্বিতীয় স্ত্রী সাবেকুন্নাহার সাকিকে ‘ইয়াবা পাচারকারী’ সন্দেহে আটকের পর ছেড়ে দেওয়া নিয়ে কক্সবাজারে আলোচনা চলছে। গত মঙ্গলবার সন্ধ্যায় আটকের পর রাত নয়টায় তাঁকে ছেড়ে দেয় চকরিয়া থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শী লোকজন ও স্থানীয় কয়েকজন সাংবাদিক বলেন, বদির স্ত্রীকে থানায় আনার পর কাউকে সেখানে ঢুকতে দেয়নি পুলিশ। এমনকি সাংবাদিকদের ছবিও তুলতে দেওয়া হয়নি। রাত নয়টায় পুলিশ নোয়া গাড়ি এনে থানা থেকে বিশেষ ব্যবস্থায় গাড়িতে তুলে পেছনে পুলিশি পাহারা দিয়ে কক্সবাজারের উদ্দেশে কিছুদূর এগিয়ে দেয়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, তাঁর কাছ থেকে কোনো ইয়াবা বড়ি বা মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে কেন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সাংসদের স্ত্রী চকরিয়া এলেন, জানতে চাইলে ওসিও সেটি নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমারও প্রশ্ন, কেন একজন এমপির স্ত্রী অটোরিকশা নিয়ে চকরিয়ায় এলেন?’