বন কর্মকর্তাকে কুপিয়ে জখম করল বনপ্রহরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বন বিভাগের এক কর্মকর্তাকে এক বনপ্রহরী ও তিন দুর্বৃত্ত কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্তোষপুর বিট কার্যালয়ে গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
আহত কর্মকর্তার নাম মো. সোলায়মান। তিনি ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বিটের বিট কর্মকর্তা। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বনপ্রহরী মো. কাইয়ুমকে গ্রেপ্তার করেছে।
থানা-পুলিশ জানায়, গত রোববার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে সোলায়মান ময়মনসিংহ বিভাগীয় বন কার্যালয় থেকে সন্তোষপুর বিটের নিজের কার্যালয়ে ফেরেন। এ সময় বনপ্রহরী কাইয়ুমসহ চারজন তাঁকে আক্রমণ করে। আক্রমণকারীরা সোলায়মানকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ও রড দিয়ে পায়ে আঘাত করে। রাতেই স্থানীয় ব্যক্তিরা সোলায়মানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।