সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগে গতকাল মঙ্গলবার হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দেলোয়ার রহমান নামে একজন বন কর্মকর্তাকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে প্রশাসনিক চাপে ওই কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাধবপুরের রঘুনন্দন রেঞ্জের শাহপুর বন বিটের ভেতরে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এ চক্রের সঙ্গে বন বিভাগের লোকজন জড়িত বলে জানান এলাকাবাসী।
গতকাল নির্বাহী হাকিম এইচ এম আরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই বনাঞ্চলে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বনের ভেতর থেকে মাটি কেটে ট্রাকে তুলতে দেখেন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটায় নিয়োজিত শ্রমিকেরা পালিয়ে যান।
কিসের ভিত্তিতে এ বনের ভেতর থেকে বালু কাটা হচ্ছে—শাহপুর বন বিটের কর্মকর্তা দেলোয়ার রহমানকে ভ্রাম্যমাণ আদালত প্রশ্ন করলে তিনি জানান, তাঁদের সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্দেশে এ বালু কেটে বিক্রি করা হচ্ছে। তবে এ-সংক্রান্ত
কোনো নির্দেশনা বা কাগজপত্র না দেখাতে পারায় আদালত দেলোয়ার রহমানকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যান।
একটি সূত্র জানায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আটক বন কর্মকর্তাকে ঘটনাস্থল থেকে হবিগঞ্জ জেলা সদরে নিয়ে আসার সময় পথেই ছেড়ে দেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচ এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের কথা হয়েছে। আজ বুধবার বালু কাটার অনুমোদন-সংক্রান্ত কাগজপত্র তারা প্রশাসনকে দেখাবেন। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বনাঞ্চলের ভেতর থেকে এভাবে বালু কেটে বিক্রি করার আইন আছে কি না জানতে চাইলে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশে এ বালু কেটে বিক্রি করা হচ্ছে। এ ধরনের আইন ২০০৫ সাল থেকে কার্যকর আছে। তবে
মাঝে বন্ধ ছিল, আবার চালু হয়েছে। এ বিধিমালা জেলা প্রশাসনকে দিলে হয়তো এ ভুল-বোঝাবুঝির সৃষ্টি হতো না বলে তিনি মনে
করেন।
জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, বনাঞ্চলের ভেতর থেকে বালু উত্তোলন করা যায় না। আইন নেই, যে কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা (বন বিভাগ) বালু কেটে নেওয়ার জন্য ব্যবসায়ীদের ১৩ লাখ টাকায় ইজারা দিয়েছে বলে স্বীকার করেছে। এ কারণে সম্প্রতি বন বিভাগকে খনিজসম্পদ মন্ত্রণালয় শোকজ করেছে। কারণ তারা এভাবে ইজারা দিতে পারে না। যেহেতু বন বিভাগ সরকারি প্রতিষ্ঠান, তারা বলছে আজ বুধবার এ বিষয়ে কাগজপত্র উপস্থাপন করবে। এ কারণে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।