বন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বন কর্মকর্তা আবদুল মতিনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগ তদন্তে গত ২ অক্টোবর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাঞ্ছারামপুর-হোমনা সড়কের সামাজিক বনায়নের উপকারভোগীরা গত ৩০ সেপ্টেম্বর কুমিল্লার সামাজিক বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলামের কাছে এ লিখিত অভিযোগ করেন।
বাঞ্ছারামপুর বন কর্মকর্তার কার্যালয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে বাঞ্ছারামপুর-হোমনা সড়কের বাঞ্ছারামপুর উপজেলা সদর থেকে বুধাইরকান্দি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের পাশে সাড়ে চার হাজার চারা রোপণ করা হয়।
এসব গাছের মধ্যে ২০১১-১২ অর্থবছরে বন বিভাগ কর্তৃপক্ষ দরপত্রের মাধ্যমে পাঁচ লাখ ২৪ হাজার টাকায় মোট ৪৬৩টি গাছ বিক্রি করে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গাছের টাকা পেতে গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তার কাছে আবেদন করে সুবিধাভোগী সমিতি। কিন্তু টাকা পাইয়ে দিতে সমিতির সাধারণ সম্পাদক আবদুল মজিদের কাছে কয়েক ধাপে ৫০ হাজার টাকা ঘুষ নেন বন কর্মকর্তা আবদুল মতিন। পাশাপাশি উপকারভোগীরা সরকারের কাছ থেকে তাঁদের অংশের যে টাকা পাবেন, সেখান থেকেও ২০ শতাংশ দাবি করেন বন কর্মকর্তা।
তবে বন কর্মকর্তা আবদুল মতিন বলেন, ‘আমি কারও কাছ থেকে ঘুষ নিইনি কিংবা দাবিও করিনি। আমি সুপারিশ না করায় তাঁরা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন।’
কুমিল্লার সাবেক বিভাগীয় বন কর্মকর্তা (বর্তমানে রাঙামাটিতে কর্মরত) তৌহিদুল ইসলাম বলেন, জেলা বন কর্মকর্তাকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।