ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় উপকারভোগীরা অবৈধভাবে সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির ৪৫টি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। তাঁরা উপজেলা বন কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে গাছ বিক্রি করেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এই ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত শনিবার একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজীউর রহমানকে ওই কমিটির প্রধান করা হয়েছে।
উপজেলা বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-সোনারামপুর-সলিমগঞ্জ সড়কে ১৯৯৬ সালে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বন বিভাগ ও পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে পাহাড়িয়াকান্দি থেকে আকানগর ভোলা মার্কেট পর্যন্ত শিশু, চাম্বল, মেহগনি, আকাশমণিসহ কয়েকটি প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা লাগানো হয়। পাহাড়িয়াকান্দি গ্রামের ৫৭ জনের সমন্বয়ে উপকারভোগীদের একটি সমিতি রয়েছে। সামাজিক বনায়নের গাছ বিক্রি থেকে উপকারভোগী সমিতি ৬৫, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ২০ ও বন বিভাগ পায় ১০ শতাংশ। উপকারভোগী সমিতির সভাপতির নেতৃত্বে গত ১ মাসে ৪৫টি গাছ বিক্রি করে দেয় সমিতি। এসব গাছ পাঁচ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
গত মঙ্গলবার পাহাড়িয়াকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়িয়াকান্দি গ্রামের পূর্ব পাশে সেতুর ওপর চাম্বলগাছের কিছু গুঁড়ি ও ডালপালা পড়ে রয়েছে। প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে গাছের গোড়া কাটা অবস্থায় রয়েছে। স্থানীয় লোকজন জানান, পাহাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিভিন্ন প্রজাতির অন্তত ৫০টি গাছ বিক্রি করে দেওয়া হয়েছে।
পাহাড়িয়াকান্দি ইউপির চেয়ারম্যান গাজী ফাইজুর রহমান বলেন, ‘আমাদের ইউপির কাউকেই রাস্তার গাছ কাটার বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে আমি শুনেছি কিছু লোক রাস্তার গাছ কেটে বিক্রি করে দিয়েছে।’
উপকারভোগী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘মরা গাছসহ ১০-১২টি গাছ আমরা সমিতির লোকজন মিলে বিক্রি করে দিয়েছি। এ বিষয়ে আমরা কাউকেই জানাইনি।’
উপজেলা বন কর্মকর্তা আবদুল মতিন তাঁর সঙ্গে যোগসাজশে গাছ বিক্রির অভিযোগের কথা অস্বীকার করে বলেন, ‘ইউএনও স্যার গাছ কাটার বিষয়ে আমার নিকট প্রতিবেদন চেয়েছেন। গত বুধবার পাহাড়িয়াকান্দি এলাকায় গিয়ে শিশু ও চাম্বল প্রজাতির ২৫টি গাছ কেটে বিক্রির প্রমাণ পেয়েছি।’
ইউএনও মোহাম্মদ শওকত ওসমান বলেন, সামাজিক বনায়নের গাছ উপকারভোগীরা ইচ্ছা করলেই কেটে বিক্রি করতে পারেন না, এ জন্য একটি নীতিমালা আছে। এতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, বন বিভাগ ও উপকারভোগীরা মিলে সিদ্ধান্ত নিয়ে কমিটি করে গাছ বিক্রি করতে বলা হয়েছে।