বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কাটল খাদ্য বিভাগ!
বন বিভাগের অনুমতি ও জেলা কর্মকর্তার দাপ্তরিক নির্দেশ ছাড়াই পাবনার ঈশ্বরদী সরকারি খাদ্যগুদামের সংরক্ষিত এলাকা থেকে পাঁচটি কাঁঠালগাছ কেটে ফেলা হয়েছে। গুদাম সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার নির্দেশে গত মঙ্গলবার গাছগুলো কাটা হয় বলে অভিযোগ উঠেছে।
ঈশ্বরদী সরকারি খাদ্যগুদাম থেকে জানানো হয়, গুদামের সংরক্ষিত এলাকায় বৃহৎ আকারের একটি ডিজিটাল স্কেল বা ডিজিটাল ওজনযন্ত্র বসানো হবে। ওই যন্ত্রটি বসানোর কাজে সমস্যা হতে পারে ভেবে তারা গাছগুলো কেটে ফেলার জন্য বলেছে।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ও খাদ্যগুদামের নাম প্রকাশে অনিচ্ছুক তিন-চারজন কুলি ও শ্রমিক বলেন, গুদামের সংরক্ষিত এলাকার সড়কের পাশে পাঁচটি কাঁঠাল ও একটি নারকেলগাছ ছিল। দু-তিন দিন আগে গুদাম সংরক্ষণ ও সঞ্চালন কর্মকর্তার উপস্থিতিতে ডিজিটাল ওজনযন্ত্র বসানোর সঙ্গে জড়িত ঠিকাদারের শ্রমিকেরা গাছগুলো কেটে ওই এলাকাতেই সরিয়ে রাখেন। গাছগুলোর বয়স কমপক্ষে ১৪–১৫ বছর হবে।
খাদ্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ওই গাছগুলোর প্রতিটির মূল্য ছয় থেকে আট হাজার টাকা।
উপজেলা বন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বন বিভাগের অনুমতি ছাড়া কোনো সরকারি গাছ কাটা যায় না। কিন্তু খাদ্য বিভাগ থেকে সেই নিয়ম মানা হয়নি।
ঈশ্বরদী খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, মাত্র তিন-চারটি গাছ কাটা হয়েছে। এগুলো খুবই ছোট গাছ ছিল। আর দামও বেশি ছিল না। এর মধ্যে একটি নারকেলগাছের চারা ছিল। সেটি তুলে অন্য জায়গায় লাগানো হয়েছে। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে গাছগুলো কাটার মৌখিক অনুমতি নিলেও বন বিভাগকে কিছু জানাননি বলে স্বীকার করেন তিনি।