বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদমে বনকর্মীদের ওপর হামলাকারী বনদস্যুরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেপ্তার করছে না বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার তিন দিন পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা আতঙ্কে রয়েছেন বলে গতকাল শুক্রবার বন কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ সত্য নয় দাবি করে পুলিশ বলেছে, গ্রেপ্তারের জন্য বারবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও কোনো আসামিকে কোথাও পাওয়া যাচ্ছে না।
আলীকদমের লোকজন জানান, গত বুধবার দুপুরে মাতামুহুরী নদীর তুলাতলি এলাকায় বন বিভাগের কর্মীরা চোরাই কাঠ আটক করতে গিয়ে বনদস্যুদের হামলার শিকার হন। এ সময় জামাল উদ্দিন ও শাহাবুদ্দিন নামে দুই বনপ্রহরী আহত হন। এঁদের মধ্যে বনপ্রহরী জামাল উদ্দিন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বন বিভাগের মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম বলেন, প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ পাচারের সংবাদ পেয়ে তুলাতলিতে তাঁদের কর্মীরা অভিযানে যান। সেখানে নদীতে ভাসমান অবস্থায় মূল্যবান কাঠ পেয়ে ইঞ্জিনচালিত নৌকায় তোলার সময় ইউনুছ সওদাগর (ব্যবসায়ী), আহমদ সওদাগর ও হেলাল উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন বনদস্যু শাবল, দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে হামলাকারীদের কবল থেকে বনকর্মীদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ১৫-২০ জনের নামে মামলা করলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
অভিযুক্ত আহমদ সওদাগর গতকাল মুঠোফোনে বলেছেন, বন বিভাগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের আসামি করেছে। তাঁরা নদীপথে যাওয়ার সময় বনকর্মীদের ওপর হামলার ঘটনা দেখে তাঁদের উদ্ধার করেছেন। বৈধ কাঠের ব্যবসা করলেও কোনো কাঠ পাচারের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।
লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রফিকুল ইসলাম বলেছেন, হামলাকারীদের গ্রেপ্তারে তিনি পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন। কিন্তু আসামি গ্রেপ্তার না হওয়ায় স্বাভাবিকভাবে বনকর্মীরা এক ধরনের চাপা আতঙ্কে রয়েছেন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসাইন ভয়-আতঙ্কের কোনো কিছু নেই উল্লেখ করে বলেছেন, আসামিরা সবাই পলাতক রয়েছে। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।