বন বিভাগের লোকজনের ওপর হামলা, আহত ৩
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পাথারিয়া সংরক্ষিত বনের চোরাই কাঠ উদ্ধার করে ফেরার পথে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে ষাটমা বাজার এলাকায় এ হামলা হয়।
হামলায় বন বিভাগের তিন কর্মকর্তা-কর্মচারী আহত হন। তাঁরা হলেন বন বিভাগের বড়লেখা রেঞ্জেরসহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, বনপ্রহরী সুলতানুল ইসলাম ও আকতারুল ইসলাম। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সকালে পাথারিয়া সংরক্ষিত বনের উত্তর ডিমাই এলাকা থেকে সংঘবদ্ধ একটি দল গাছ চুরি করে। বেলা ১১টার দিকে সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাসের নেতৃত্বে বন বিভাগের লোকজন সেখানে গিয়ে চোরাই কাঠ উদ্ধার করেন। তাঁরা ৭ দশমিক ১২ ঘনফুট গাছের গুঁড়ি ও প্রায় ১০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেন। এসব কাঠের মূল্য প্রায় ৫০ হাজার টাকা। কাঠ উদ্ধারকালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়ে যায়। জব্দ করা কাঠ গাড়িতে করে বড়লেখা সদরে রেঞ্জ অফিসে ফেরার পথে বেলা তিনটার দিকে ষাটমা বাজার এলাকায় চোরেরা গাড়ি থেকে কাঠ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিতে গেলে বন বিভাগের লোকজন হামলার শিকার হন। এতে শেখর রঞ্জন দাস, সুলতানুল ইসলাম ও আকতারুল ইসলাম আহত হন। একপর্যায়ে তাঁরা আত্মরক্ষার্থে পাশের বোবারতল বিজিবি ক্যাম্পে গিয়ে আশ্রয় নেন। পরে বিজিবি এসে ছিনিয়ে নেওয়া কাঠ জব্দ করে। বিজিবি ও পুলিশের সহায়তায় সন্ধ্যা ছয়টার দিকে কাঠগুলো বড়লেখা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস প্রথম আলোকে বলেন, ‘ষাটমা বাজারে পৌঁছালে আমাদের ওপর হামলা চালানো হয়। এ সময় আমাদের সাথে ধাওয়া–পাল্টাধাওয়া হয়েছে। পরে আমরা বিজিবি ক্যাম্পে আশ্রয় নিই। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে মামলা করব।’
জানতে চাইলে বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।