বন বিভাগের সীমানা দেয়াল ভেঙে দিলেন পৌর কাউন্সিলর
বান্দরবানে পৌরসভার এক কাউন্সিলরের নেতৃত্বে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতে বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কার্যালয়ের নির্মাণাধীন সীমানাদেয়াল ভেঙে দিয়েছে। বন বিভাগের জমি দখল করতে না পেরে ওই কমিশনার দেয়াল ভেঙে দিয়েছেন বলে বন কর্মকর্তারা অভিযোগ করেছেন।
বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোল্লা রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাতে ঠিকাদার ও শ্রমিকেরা চলে যাওয়ার পর পৌর কাউন্সিলর শেখর দাশের নেতৃত্বে দুর্বৃত্তরা ৭২ ফুট দীর্ঘ দেয়াল ভেঙে ফেলে। এর আগেও দেয়াল নির্মাণে শেখর দাশ বাধা দেন বলে ডিএফও অভিযোগ করেন।
তবে পৌরসভার কাউন্সিলর শেখর দাশ দাবি করেন, বন বিভাগের সীমানাদেয়ালের ভেতরে পৌরসভার নালার অংশ রয়েছে। তাই পৌরবাসীর স্বার্থে দেয়ালের খুঁটিগুলো তুলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বান্দরবান পৌরসভার মেয়র জাবেদ রেজা জানান, পৌর কাউন্সিলরের নেতৃত্বে বন বিভাগের সীমানাদেয়াল ভেঙে দেওয়া হয়েছে এমন খবর তাঁর জানা নেই। তবে তিনি বলেন, বন বিভাগ পৌরসভার অনুমোদন না নিয়ে গুরুত্বপূর্ণ সড়কের পাশে সীমানাদেয়াল নির্মাণ করছে।
বন বিভাগের বান্দরবান সদর রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, জেলা শহরে বন বিভাগের মালিকানাধীন ৪ দশমিক ৬৫ একর জমি থেকে পৌরসভার বিভিন্ন স্থাপনার জন্য ৩১ শতক জমি দেওয়া হয়েছে। অবশিষ্ট জমি পরিমাপ ও সীমানা চিহ্নিত করে দেয়াল নির্মাণ করা হচ্ছে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হবে।