বন বিভাগের ১০ কর্মকর্তা কর্মচারীকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের পুষ্পকাটি টহল ফাঁড়িতে গত শনিবার রাতে হামলা চালিয়েছে বনদস্যু বাহিনী। এ সময় ফাঁড়ির ১০ কর্মকর্তা-কর্মচারীকে বের করে এনে বেধড়ক পেটায় দস্যুরা। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলায় আহতরা হলেন পুষ্পকাটি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার মোস্তাফিজুর রহমান, প্রহরী মিজানুর রহমান, জাহাঙ্গীর মোড়ল, নৌকার চালক মনিরুল ইসলাম, মোল্যা রফিকুজ্জামান, মো. ইব্রাহিম, শাহাজাহান গাজী, আমিনুর রহমান, সুখদেব মণ্ডল ও বাবুর্চি রবিউল ইসলাম।
সিকদার মোস্তাফিজুর রহমান বলেন, রাত আটটার দিকে ইঞ্জিনচালিত তিনটি বড় ট্রলারে ৬০-৭০ জন তাঁর অফিস এসে বনদস্যু জাহাঙ্গীর ও ইলিয়াস বাহিনীর সদস্য পরিচয় দেয়। পরে প্রত্যেককে অফিস ও বাসা থেকে বাইরে বের হয়ে আসতে বলে তারা। সবাই অফিস থেকে বের হলে তাঁদের মধ্য থেকে বনপ্রহরী জাহাঙ্গীর মোড়ল, বাবুর্চি রবিউল ইসলাম ও সুখদেব মণ্ডলকে পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে বেধড়ক মারধর করে জখম করা হয়। অন্যদের অফিসের সামনে মারধর করা হয়। বনদস্যুরা এ সময় বারবার বলছিল ‘বল নোওয়া বাহিনী কোথায় থাকে’। এভাবে ঘণ্টা খানেক তাঁদের ওপর নির্যাতন চালিয়ে বনদস্যুরা চলে যায়। তিনি আরও বলেন, বনদস্যুদের অধিকাংশ সদস্যের কাছে আগ্নেয়াস্ত্র ছিল।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা কেরামত আলী মল্লিক জানান, সুন্দরবনের মালঞ্চ নদীর পাড়ে পুষ্পকাটি টহল ফাঁড়ি অবস্থিত। বুড়িগোয়ালিনী স্টেশন থেকে এর দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। শনিবার রাতে আটটায় ঘটনা ঘটার পর আজ (গতকাল রোববার) বেলা ১১টার দিকে আহত ব্যক্তিরা বুড়িগোয়ালিনীতে পৌঁছান। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বন বিভাগের পক্ষ থেকে তাঁদের ঘটনা জানানো হয়নি।