বন বিভাগের ২০টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী-কলাপাড়া মহাসড়কের দুপাশ থেকে দুর্বৃত্তরা অন্তত ২০টি আকাশমণিগাছ কেটে নিয়ে গেছে। আমতলী উপজেলার বলইবুনিয়া গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার ওই গ্রামের একটি বাড়ি থেকে ১২টি গাছ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগ সূত্রে জানা যায়, আমতলী-কলাপাড়া মহাসড়কের বলইবুনিয়া এলাকায় প্রায় আধা কিলোমিটারজুড়ে ১৫ বছর আগে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছিল। রোববার দিবাগত রাতে ২০টি আকাশমণিগাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে যায়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা গতকাল সকালে সেখানে যান। বলইবুনিয়া গ্রামের নাসির উদ্দীনের বাড়ি থেকে ১২টি গাছ উদ্ধার করা হয়।
তবে নাসির উদ্দীনের স্ত্রী মাকসুদা বেগম দাবি করেন, তাঁর স্বামী এসব গাছ কাটেননি। তাঁদের ফাঁসাতে স্থানীয় স মিল মালিক সোহরাব ব্যাপারী গাছগুলো কেটে বাড়িতে রেখে গেছেন।
এই অভিযোগ অস্বীকার করে সোহরাব ব্যাপারী বলেন, ‘আমি গাছ কাটিনি। পল্লী বিদ্যুতের লোকজন গাছ কেটেছে।’ বিদ্যুৎ বিভাগের লোকজন রাতে কেন গোড়াসহ গাছ কাটবে, এমন প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি।
কলাপাড়া পল্লী বিদ্যুতের লাইনম্যান স্বপন কুমার রায় মুঠোফোনে বলেন, ‘বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গাছ কাটা হয়নি। কারা কেটেছে বিষয়টি আমাদের জানা নেই।’