মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ ও প্রাণিসম্পদ রক্ষায় বন বিভাগ তৎপর নয় বলে অভিযোগ রয়েছে। এ কারণেই সংঘবদ্ধ চোর চক্র কেটে নিচ্ছে উদ্যানের মূল্যবান গাছ। যানবাহনের নিচে পড়ে প্রায়ই প্রাণ হারায় বন্য প্রাণী। উদ্যানের জমি দখলে নিয়ে লেবু ও হলুদের চাষ করছেন অনেকে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯১৭ সালে আসাম সরকার কমলগঞ্জের পশ্চিম ভানুগাছের ৩ হাজার ৮৮ একর এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে। ১৯২৩ ও ১৯২৫ সালে পর্যায়ক্রমে কালাছড়া ও চাউতলী এলাকাকে সংরক্ষিত বন ঘোষণা করা হয়। ১৯৭৪ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও সংশোধন) আইন অনুযায়ী ১৯৯৬ সালে লাউয়াছড়াকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়।
মৌলভীবাজার বন্য প্রাণী বিভাগ সূত্রে জানা গেছে, লাউয়াছড়া উদ্যানে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ৪ প্রজাতির উভচর প্রাণী, ৬ প্রজাতির সরীসৃপ, ২৪৬ প্রজাতির পাখি, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ১৭ প্রজাতির পোকামাকড় রয়েছে। ২০০৬ সালে লাউয়াছড়ায় ৬৯টি উল্লুক ছিল।
এ উদ্যানে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার বয়োজ্যেষ্ঠ কয়েকজন খাসিয়া প্রথম আলোকে বলেন, একসময় এ উদ্যানে প্রচুর সেগুন, লোহাকাঠ, চাপালিশ, জারুল, নাগেশ্বর, কদম, বট, পাকুড়, ডুমুর, বহেরা, আমলকী, হরীতকী, গর্জন, ছাতিয়ান, শিমুল, আম, কাঁঠাল প্রভৃতি গাছ ছিল। কিন্তু চোর চক্র গাছ কেটে উজাড় করছে বন। বিশেষ করে ফলদ গাছগাছালি কমতে থাকায় অনেক পশুপাখি এ বন ছেড়ে লোকালয়ে চলে আসে। তখন শিকারিদের হাতে ধরা পড়ে। ট্রেনে কাটা পড়ে ও সড়ক দুর্ঘটনায় গত এক বছরে উদ্যানের কমপক্ষে ২০টি হরিণ এবং ৭০টি সাধন বানর ও হনুমান মারা গেছে। এ ছাড়া অনেক সাপের মৃত্যু হয়েছে। আগে বিপুলসংখ্যক ডুমুরের গাছ ছিল। ডুমুরগাছে ধনেশ পাখি বসত। এখন ডুমুরগাছ নেই বলে এ বনে ধনেশ পাখি দেখা যায় না। মূল্যবান শ্বেতচন্দনগাছ ছিল। চোরের দল সব কেটে নিয়ে গেছে। একটিও আর অবশিষ্ট নেই।
তবে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, গত আট-নয় মাসে সড়কপথে ও রেলপথে কাটা পড়ে ১০টি মায়া হরিণ মারা গেছে। সাধারণ বানর, হনুমান ও লজ্জাবতী বানর মিলিয়ে কমপক্ষে ২০টি মারা গেছে। অসংখ্য সাপ মারা গেছে। আর বৃষ্টি হলেই ব্যাঙ বের হয়ে ট্রেনে ও সড়কপথে যানবাহনের নিচে পিষ্ট হয়ে মারা যায়। রেল ও সড়কপথে বন্য প্রাণী মারা যাওয়া প্রতিরোধে সড়ক ও রেলপথ সুবিধাজনক স্থানে স্থানান্তর করার প্রস্তাব পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি বিবেচনাধীন।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রবীণ খাসিয়া বলেন, লাউয়াছড়ায় প্রায় ১৫ হাজার সেগুনগাছ ছিল। জাতীয় উদ্যান ঘোষণার পর ইউএসএইডের একটি প্রকল্পের মাধ্যমে সেগুন, চাপালিশসহ গাছগাছালি গণনা করা হয়েছিল। কিন্তু এখন বড়জোর ৩০০টি সেগুনগাছ আছে। এ ছাড়া অত্যধিক পর্যটকের আনাগোনা, মাইক ও যানবাহনের উচ্চ শব্দের কারণে বনের জীবজন্তু ও পশুপাখি সচরাচর দেখা যাচ্ছে না।
জাতীয় উদ্যানের ভেতর বসবাসকারী নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, উদ্যানের ৭০-৮০ একরে ব্যক্তিমালিকানাধীন ১০টি লেবুবাগান রয়েছে। এর মধ্যে বেশি লেবুবাগান জানকীছড়া-সংলগ্ন ডলুবাড়ি এলাকায়। এ ছাড়া গত ৫ বছরে উদ্যান থেকে পাঁচ থেকে ছয় হাজার সেগুনগাছ চুরি হয়েছে। এখন সেগুনগাছ নেই বললেই চলে। গাছচোর চক্র এখন চাপালিশসহ অন্যান্য গাছ চুরি করছে। প্রতিদিন দুই থেকে তিনটি গাছ চুরি হচ্ছে।
এ বিষয়ে তবিবুর রহমান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে লেবুবাগান উচ্ছেদ করা হয়েছে। শিগগির উচ্ছেদকৃত খালি জায়গায় প্রয়োজনীয় ফলদ ও বনজ গাছের চারা লাগানো হবে। আগে উদ্যান থেকে সেগুনসহ প্রচুরসংখ্যক মূল্যবান গাছ চুরি হলেও এখন তেমন গাছ চুরি হচ্ছে না দাবি করে তিনি বলেন, মাঝেমধ্যে দু-একটি চাপালিশগাছ চুরি হলেও অভিযান পরিচালনা করে কাটা গাছ উদ্ধার করা হয়।
বর্তমানে এখানে টিলা কেটে বাণিজ্যিকভাবে রিসোর্ট, রেস্টহাউস, বাঘমারা এলাকায় ছাত্রাবাস, জানকীছড়ায় প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
লাউয়াছড়া বন বিটের আওতাভুক্ত লাউয়াছড়া জাতীয় উদ্যানটি মূলত জানকীছড়া ক্যাম্প, লাউয়াছড়া ক্যাম্প ও বাঘমারা ক্যাম্পের সমন্বয়ে পরিচালিত। একজন বিট কর্মকর্তা এবং মাত্র ছয়জন বনপ্রহরীবনভূমি ও বন্য প্রাণী রক্ষার দায়িত্ব পালন করছেন। উদ্যানের ভেতরে মাগুরছড়া ও লাউয়াছড়ায় খাসিয়া আর জানকীছড়া নামক স্থানের ডলুবাড়িতে সীমানা ঘেঁষে টিপুরীদের বাস। ক্ষুদ্র জাতিসত্তার এসব মানুষ বনের ভেতর যুগ যুগ ধরে পান চাষাবাদ করে আসছেন।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, বন্য প্রাণীদের কথা ভেবেই উদ্যানের বিভিন্ন স্থানে প্রায় সাড়ে ১২ হাজার নানা জাতের ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে। গাছ চুরি রোধে পাহারা জোরদার করা হয়েছে। আগের চেয়ে গাছ চুরি কিছুটা কমেছে। এ বনকে রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।