বনফুল ও মধুবনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন এবং খাদ্যে ক্ষতিকর উপাদান মেশানোয় চট্টগ্রামের মিষ্টি বিক্রেতা প্রতিষ্ঠান বনফুল ও মধুবনের কারখানায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গ্যাস সিলিন্ডারে পরিমাণে কম দেওয়ার টোটালগ্যাজ কারখানাকে গতকাল বুধবার সন্ধ্যায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় বনফুল মিষ্টির কারখানায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ক্ষতিকারক উপাদান ঘনচিনি ও পুরোনো সিসা মেশানোর অভিযোগে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিবিরহাট এলাকার মধুবন কারখানায় মেয়াদোত্তীর্ণ বিস্কুট, চানাচুর ও নুডলসে অগ্রিম উৎপাদন তারিখ বসানো এবং ক্ষতিকারক উপাদান ব্যবহারের অভিযোগে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাত ১০টা থেকে শুরু হওয়া এই অভিযান রাত ৩টার দিকে শেষ হয়।
ম্যাজিস্ট্রেট বলেন, গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় গ্যাস সিলিন্ডারে পরিমাণে কম দেওয়ায় টোটালগ্যাজ কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।