বনভোজনের কথা বলে মাদকের আসর, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিভাবকদের বনভোজনের কথা বলে বাসা থেকে বের হয়েছিল সাত বন্ধু। কিন্তু বনভোজন না করে মাদকের আসর বসিয়েছিলেন তাঁরা। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করেন।
এ ঘটনা ঘটেছে গত বুধবার রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। ওই সাত বন্ধু হচ্ছে বিরামপুরের কসবা সাগরপুর গ্রামের রায়হান কবির, মোস্তাফিজুর রহমান, বিপ্লব হোসেন, হরিহরপুর গ্রামের মেহেদী হাসান, উত্তর ভগবতিপুর গ্রামের পল্লব হোসেন, দিনাজপুর সদরের সুইহারি মহল্লার আল নাইম এবং নওগাঁর বদলগাছী থানার মেহেদী হাসান। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। এদের বয়স ২২ থেকে ২৩ বছরের মধ্যে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, বুধবার রাতে নবাবগঞ্জের আশুড়ার বিলে কয়েকজন তরুণ আসর বসায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ নিয়ে তিনি সেখানে অভিযান চালিয়ে সাত যুবককে মাদকাসক্ত অবস্থায় আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসেন। পরে প্রত্যেককে পাঁচ হাজার করে টাকা জরিমানা করেন। গতকাল সকালে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।