বনরক্ষীদের মারধর করে অস্ত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে গত রোববার রাতে বনরক্ষীদের মারধর করে অস্ত্র ছিনিয়ে নিয়েছে একদল বনদস্যু। এতে তিন বনরক্ষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার শেষ রাতে একদল বনদস্যু সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে গাছ কাটছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনরক্ষীরা। এ সময় তাঁদের ওপর আক্রমণ চালিয়ে একটি শটগান ও চারটি গুলি ছিনিয়ে নেয় বনদস্যুরা। এ ঘটনায় গুরুতর আহত হন সাতছড়ি বন কর্মকর্তা আনিসুজ্জামান, বনপ্রহরী মুসলিম উদ্দিন ও জয়নাল আবেদীন। গুরুতর আহত মুসলিম উদ্দিনকে গতকাল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত ব্যক্তিরা হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন।
বনরক্ষীদের তথ্যমতে, গতকাল সোমবার সন্ধ্যায় চুনারুঘাট থানা-পুলিশ এক অভিযান চালিয়ে একই উপজেলার পারকুল, বিমাগুরুন্ডা ও চন্দনা থেকে খেলন মিয়া, কবির মিয়া ও মিজানুর রহমান নামে তিন ব্যক্তিকে আটক এবং ছিনিয়ে নেওয়া শটগান ও চারটি গুলি উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ওসি নির্লেন্দু চক্রবর্তী বলেন, প্রথমে কবির মিয়াকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তী সময়ে তাঁদের দলনেতা খেলনসহ তিনজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।