বনশ্রীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর পর ওই বাড়িতে হামলা চালানো হয়। ছবি: প্রথম আলো
গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর পর ওই বাড়িতে হামলা চালানো হয়। ছবি: প্রথম আলো

রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসায় আজ শুক্রবার লাইলী (২৫) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। লাইলীর পরিবারের সদস্যদের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকার কিছু মানুষ ওই বাসায় হামলা চালিয়েছে ও রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। পুলিশ বাসার মালিক ও দারোয়ানকে আটক করেছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সকালে ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। লাইলীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিক্ষুব্ধ লোকজন গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ছবি: প্রথম আলো
বিক্ষুব্ধ লোকজন গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ছবি: প্রথম আলো

সকালে হাসপাতালে বাড়ির গৃহকর্তা মইনুদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি পরিবার নিয়ে এই বাসায় (বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কে) থাকেন। লাইলী তাঁর ফ্ল্যাটে প্রতিদিনের মতো আজ সকালে কাজ করতে আসেন। ফ্ল্যাটে ঢুকেই একটি কক্ষের ভেতর গিয়ে দরজা বন্ধ করে দেন। এ সময় ডাকাডাকি করলেও লাইলী দরজা খুলছিলেন না। তখন বাড়ির তত্ত্বাবধায়ক টিপুকে জানানো হয়। একপর্যায়ে দরজার ছিটকিনি ভেঙে কক্ষটির ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাইলীকে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

মইনুদ্দিন জানান, লাইলী বনশ্রীর পাশে হিন্দুপাড়া বস্তিতে দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন। কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলার আজুয়াটালী গ্রামে তাঁর বাড়ি। লাইলীর স্বামী নজরুল ইসলাম ভারতের করাগারে বন্দী।

এদিকে লাইলীর জা শাহনাজ পুলিশের কাছে অভিযোগ করেন, লাইলীকে হত্যা করা হয়েছে। এই অভিযোগে বেলা দুইটার দিকে এলাকার কিছু মানুষ ওই বাসায় হামলা চালায়, বিক্ষোভ করে ও রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তৎপরতা। ছবি: প্রথম আলো
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তৎপরতা। ছবি: প্রথম আলো

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম খান মাইকিং করে সবাইকে আশ্বস্ত করেন। বলেন, বাসার মালিক ও দারোয়ানকে আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।