বনশ্রীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনশ্রীতে সাইকেল চুরির অভিযোগে গতকাল বুধবার মানিক মিয়া (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় শফিকুল ইসলাম ও শাহনেওয়াজ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
খিলগাঁও থানার পুলিশ জানায়, বেলা ১১টার দিকে মানিক মিয়া দক্ষিণ বনশ্রীর ই-ব্লক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সেখানের সাততলা বাড়ির মালিক নিজামউদ্দিনের ছেলে শাহনেওয়াজ ও বাড়ির মালিকের বন্ধু শফিকুল ইসলাম সাইকেল চোর সন্দেহে তাঁকে আটক করে। পরে তাঁকে সাততলা বাড়িটির নিচতলায় এনে বেধড়ক পেটান। একপর্যায়ে মানিক মিয়া অচেতন হয়ে পড়েন। সেখান থেকে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আটক শফিকুল ও শাহনেওয়াজের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
ঘটনার তদন্তকারী খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দাবি করেন, দুই-তিন দিন আগে শাহনেওয়াজদের গ্যারেজ থেকে শাহনেওয়াজের একটি বাইসাইকেল চুরি হয়। বাইসাইকেলটি মানিক মিয়া চুরি করেছে বলে তাঁরা জানতে পারেন।
মানিক মিয়া সপরিবার দক্ষিণ বনশ্রীতে থাকতেন। তাঁর বাবা আলী আকবর সাংবাদিকদের বলেন, মানিক মিয়ার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তাঁর পাসপোর্ট-ভিসাও প্রস্তুত ছিল। কিন্তু সাইকেল চুরির মিথ্যা অভিযোগে তাঁর ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো।
ঝুলন্ত লাশ উদ্ধার: গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মিরপুরে বোটানিক্যাল গার্ডেনের ভেতরের একটি গাছ থেকে আকাশ ইসলাম (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, গাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন। আকাশের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ডোমরাকান্দি গ্রামে।
আকাশ সপরিবার পল্টনের জোনাকি সিনেমা হলের পেছনে থাকতেন। তাঁর বাবা আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আকাশ বিদ্যুৎমিস্ত্রি ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে আর বাসায় ফেরেননি। গতকাল বুধবার সকালে মিরপুরের এক আত্মীয় তাঁকে জানান, বোটানিক্যাল গার্ডেনে আকাশের লাশ পাওয়া গেছে। আকাশের বাবা বলেন, ‘আকাশ আত্মহত্যা করেছে, নাকি কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে, তা জানি না।’
শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।