বনানীতে এক ব্যক্তি খুন
রাজধানীর বনানী এলাকায় শামীম ভূঁইয়া (৪৫) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পুলিশ জানায়, শামীমের গলা কেব্ল ও ছেঁড়া কাপড় দিয়ে প্যাঁচানো ছিল। চোখ ও মুখ ছিল রক্তাক্ত। গতকাল সকাল ছয়টার দিকে পুলিশ বনানী ওভারব্রিজসংলগ্ন স্টাফ রোড এলাকা থেকে তাঁর লাশটি অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে পরিবার তাঁর লাশ শনাক্ত করে।
পুলিশ ও শামীমের পরিবার জানায়, স্ত্রী ও এক সন্তান নিয়ে তেজগাঁওয়ের তেজকুনীপাড়ার এক বাসায় থাকতেন শামীম। গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি বনানীর উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। মুঠোফোনটিও ছিল বন্ধ।
মর্গে শামীমের স্ত্রী বেবী আক্তার প্রথম আলোকে বলেন, শামীম তেমন কিছু করতেন না। তবে সাংসদ শেখ সেলিমের বাসায় নিয়মিত যাতায়াত করতেন। শামীমের কয়েকজন বন্ধু বনানীতে আবাসিক হোটেলের ব্যবসা করেন। শামীম শুক্রবার সেখানে গিয়েছিলেন। হত্যার ঘটনায় ওই বন্ধুদের কয়েকজন জড়িত বলে সন্দেহ করেন তিনি।
বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, ঘটনার তদন্ত চলছে।