বনানীতে এবার গাড়িতে পোশাকশ্রমিককে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১
রাজধানীর মহাখালী এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে এক পোশাকশ্রমিককে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে চালক শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পথচারীরা কারটির মালিক ইমরান হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বনানী থানার পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে মহাখালী রেলগেটের পাশে এক নারী পোশাকশ্রমিক বনানীতে যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁর পাশে থামে এবং কারটির চালক তরুণী কোথায় যাবে জানতে চান। একপর্যায়ে গাড়িচালক তাঁকে বনানী নামিয়ে দেওয়ার কথা বলে কারে তোলেন। কারটি মহাখালীর তিতুমীর কলেজের কাছে পৌঁছানোর পর চালক গাড়ি থামিয়ে পেছনের আসনে এসে তরুণীর সঙ্গে আপত্তিকর আচরণ করেন। এ সময় তরুণীটি চিৎকার দিলে চালক তাঁকে দ্রুত কার থেকে নামিয়ে দিয়ে কারটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গাড়িতে ওই তরুণীর মুঠোফোন থেকে যায়। একপর্যায়ে তরুণী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে কারের পিছু নেন। কারটি মহাখালীর আমতলীতে ট্রাফিক সিগন্যালে আটকে যায়। সেখানে পথচারী এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ সব ঘটনা খুলে বলেন তরুণী। এরপর পথচারীরা কারটি থেকে চালক ইমরান হোসেনকে নামিয়ে আনেন। পথচারীরা তাঁকে মারধর করে ট্রাফিক পুলিশকে দেন। পরে ট্রাফিক পুলিশ ইমরানকে বনানী থানায় সোপর্দ করে।
বনানী অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ইমরান হোসেনের বিরুদ্ধে বনানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা হয়েছে। ইমরান ব্যক্তিমালিকানার গাড়ির চালক।
গত ৫ জুলাই রাতে এক ব্যবসায়ীর ছেলে বাহাউদ্দিন ইভান জন্মদিনের দাওয়াতের কথা বলে বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণ করেন। এর আগে ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ছাত্রীকে ধর্ষণ করে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও সাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিম। বাকি তিনজন তাঁদের সহযোগিতা করেন। ঘটনার প্রায় ৪০ দিন পর গত ৬ মে এক ছাত্রী বনানী থানায় মামলা করেন।