বনানীতে গলায় তার প্যাঁচানো লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী এলাকা থেকে আজ শনিবার সকালে শামীম ভূঁইয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সকাল পৌনে সাতটার দিকে বনানী পদচারী সেতুর পাশের স্টাফ রোড থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের গলায় কেবল টিভির তার ও কাপড় প্যাঁচানো ছিল।
অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুপুর ১২টার দিকে শামীমের স্ত্রী বেবী আক্তার লাশের পরিচয় শনাক্ত করেন।
বেবী আক্তারের দাবি, তাঁর স্বামীকে আর্থিক লেনদেনের কারণে বনানী এলাকার এক হোটেল ব্যবসায়ী হত্যা করেছেন। তিনি বলেন, শামীম সরকারদলীয় এক সাংসদের সহকর্মী হিসেবে কাজ করতেন।
বনানী থানার উপপরিদর্শক মোস্তফা কামাল প্রথম আলোকে জানান, স্টাফ রোডের পশ্চিম পাশে লাশটি পড়ে ছিল। পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। গলায় ডিশের তার ও কাপড় পেঁচিয়ে শামীমকে হত্যা করা হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
বেবী আক্তার জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে ফার্মগেটের তেজকুনিপাড়ার বাসা থেকে বের হন শামীম। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বেবী আক্তারের দাবি, বনানীর কাকলী এলাকার ঢাকা শেরাটন হোটেলের মালিক রবিউলের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে শামীমের বিবাদ ছিল। এ কারণে রবিউল তাঁকে হত্যা করেছেন। বেবী আক্তার বলেন, মাস খানেক আগে রবিউল শামীমকে মারধর করেছিলেন।
এ ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান।