বনানীতে ছাত্রলীগ নেতার চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে চাঁদাবাজির অভিযোগে বনানী থানা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বনানী থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন ওই এলাকার এক ব্যবসায়ী। গ্রেপ্তার অন্য দুজন হলেন মোহাব্বত হোসেন ওরফে সবুজ ও সোহেল শেখ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত শনিবার গভীর রাতে মহাখালী এলাকায় মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীর বাসা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী মিজান পুলিশের কাছে অভিযোগ করেন, দুই সহযোগী নিয়ে তাঁর বাসায় গিয়ে চাঁদা দাবি করেন আনিস। তাঁরা মিজানের কাছ থেকে তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকাও নেন। পরে ব্যবসায়ীর পরিবার চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তিনজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের ধরে থানায় নিয়ে আসে। পরে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বনানী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন ব্যবসায়ী মিজান। ওই মামলায় গ্রেপ্তার করে গতকাল রোববার তিনজনকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন গাজী বলেন, চাঁদাবাজির সময় স্থানীয় লোকজন ওই তিনজনকে হাতেনাতে আটক করেছেন। এ সময় ছাত্রলীগের সভাপতির পকেট থেকে চাঁদাবাজির তিন হাজার টাকা ও অপর একজনের পকেট থেকে দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা জানিয়েছেন, পুলিশ আনিসুরকে ‘ফাঁসিয়ে’ দিয়েছে। তবে তাঁরা কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, মিজান নামের ওই ব্যবসায়ীর বাড়িতে অসামাজিক কাজ হয় অভিযোগ তুলে ছাত্রলীগ পরিচয়ধারী কয়েকজন তরুণ চাঁদাবাজি করতে গিয়েছিলেন। পরে মিজানের পরিবারের চিৎকারে লোকজন জড়ো হয়ে তাঁদের আটক করেন। বনানী থানা ছাত্রলীগের সভাপতি আনিস তাঁদের ছাড়ানোর জন্য পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা করেন। একপর্যায়ে পুলিশ তাঁকেও গ্রেপ্তার করে।