বনানীতে দুর্বৃত্তদের গুলিতে এনবিআর সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে গতকাল সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন আহত হয়েছেন। তাঁকে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী থানার পুলিশ জানায়, জাহাঙ্গীর বনানী ২ নম্বরে কাস্টমস অফিসার কোয়ার্টারে থাকেন। একটি ফটক দিয়েই ওই কোয়ার্টার এলাকায় ঢুকতে হয়। গতকাল সন্ধ্যা সাতটার দিকে জাহাঙ্গীর কোয়ার্টার এলাকার ভেতরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় একটি প্রাইভেট কারে চার দুর্বৃত্ত ফটক দিয়ে ভেতরে ঢোকে। কিছুক্ষণের মধ্যে একটি গুলির শব্দ হয়। পরে প্রাইভেট কার নিয়ে তারা চলে যেতে চাইলে নিরাপত্তাকর্মী ফটক খুলছিলেন না। পরে ওই তারা নিরাপত্তাকর্মীর দিকে আগ্নেয়াস্ত্র তাক করে ধরে। এতে ভয় পেয়ে নিরাপত্তাকর্মী ফটক খুলে দিলে ওই দুর্বৃত্তরা চলে যায়। পরে দেখা যায়, কোয়ার্টার এলাকার ভেতরে কোমরে গুলিবিদ্ধ হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন জাহাঙ্গীর।
বনানী থানার অপারেশন অফিসার আমিনুল বাশার প্রথম আলোকে বলেন, ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি। তদন্ত চলছে।