বনানীতে প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার
রাজধানীর বনানীর একটি ফ্ল্যাট থেকে মেজবাহউদ্দিন আহমেদ ওরফে আলম (৭২) নামের এক প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। মেজবাহ যুক্তরাজ্যের নাগরিক ছিলেন।
স্বজনদের ভাষ্য, মেজবাহউদ্দিন সপরিবারে লন্ডনে থাকতেন। তিনি সেখানে একটি ব্যাংকে কাজ করতেন। অবসর নেওয়ার পর সেখানেই কয়েকজন মিলে ফ্রেন্ডস অব বাংলাদেশ নামের এনজিও চালাতেন। ওই এনজিওর অধীনে কুড়িগ্রামে একটি স্কুল পরিচালিত হয়। এই স্কুলের কর্মকাণ্ড দেখার জন্য ৩ নভেম্বর বাংলাদেশে আসেন মেজবাহউদ্দিন। গত বুধবার তিনি কুড়িগ্রামে গিয়ে রাতে ফিরে আসেন।
মেজবাহ উদ্দিনের ভাতিজা শাহেদ জামিলের ভাষ্য, চাচার ফ্ল্যাটের দুই পাশের ফ্ল্যাটে স্বজনেরা থাকেন। গতকাল তাঁরা কয়েক দফা ফোন দিলেও ফোন ধরেননি মেজবাহউদ্দিন। আজ সকালে তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকে মেজবাহউদ্দিনকে বিছানার পাশে পড়ে থাকতে দেখেন। তাঁর নাক-মুখে রক্ত ছিল। এমনকি কক্ষের বিভিন্ন জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ ছিল। তাঁরা মেজবাহউদ্দিনের মৃত্যুকে স্বাভাবিক বলে ধারণা করছেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, পরিবারের লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক বিভাগ আলামত সংগ্রহ করেছে।