বনানীতে ব্যবসায়ী হত্যায় আরেকজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ী সিদ্দিক হোসাইন মুন্সি হত্যায় জড়িত সন্দেহে জাকির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গত সোমবার রাতে গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। জাকির যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ডিবি।

গত বছরের ১৪ নভেম্বর রাতে বনানীর ৪ নম্বর সড়কে এস মুন্সি ওভারসিজ নামের প্রতিষ্ঠানে ঢুকে সিদ্দিক হোসাইনকে গুলি করে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা। ওই ঘটনায় গত ৫ ডিসেম্বর ডিবি পুলিশ ছাত্রদলের নেতা হেলালউদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর দুই দিন পর সিদ্দিক মুন্সি হত্যায় জড়িত আল আমিন ও সাদ্দাম বাড্ডার আফতাবনগর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার গোলাম সাকলায়েন প্রথম আলোকে বলেন, সিদ্দিক হত্যায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে জাকিরের যোগাযোগ ছিল। এ ছাড়া ওই খুনের নির্দেশদাতা সুইডেনে অবস্থানকারী ছাত্রদল নেতা নাহিদেরও যোগাযোগ আছে। হত্যার আগে ও পরে তাঁরা যোগাযোগ করেছে। জাকির হত্যাকারীদের টাকাও দিয়েছেন। এর আগে গ্রেপ্তার হওয়া হেলাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন।

ডিবির কর্মকর্তা গোলাম সাকলায়েন আরও বলেন, জাকিরের রিমান্ড চেয়ে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়। আগামী রোববার রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে।