বনানীতে মুঠোফোনের দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী এলাকায় গত শুক্রবার রাতে একটি মুঠোফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মালিকপক্ষের দাবি, চোরের দল নগদ ৮ লাখ টাকা ও প্রায় ২৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এলাকায় সাততলা ভবনের আরিফ প্লাজার নিচতলায় মুঠোফোনের দোকানে এ ঘটনা ঘটে। দোকানের মালিকের নাম বারেকুল ইসলাম। তাঁর ভাই মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত ১০টার দিকে দোকানের পাঁচজন কর্মচারী কাজ শেষে বাসায় ফিরে যান। যাওয়ার আগে দোকানের দুটি শাটারেই তালা লাগিয়ে যান তাঁরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা দোকানে গিয়ে একটি শাটারে থাকা দুটি তালা খুলতে গিয়ে ব্যর্থ হন। পরে বিষয়টি মালিককে জানানো হলে তিনি বনানী থানার পুলিশকে জানান। এরপর পুলিশের উপস্থিতিতে তালা খুলে দেখা যায়, ভেতরের সব জিনিসপত্র তছনছ, মুঠোফোন নেই ও টাকার বাক্স ভাঙচুর অবস্থায় রয়েছে। পরে সন্দেহভাজন হিসেবে ভবনের নিরাপত্তাকর্মীকে থানায় নিয়ে যায় পুলিশ।
মেহেদীর দাবি, চোরের দল দোকানে থাকা ২৭ লাখ টাকা মূল্যের ১৩২টি মুঠোফোন ও নগদ ৮ লাখ টাকাসহ বেশ কিছু সরঞ্জাম নিয়ে গেছে। প্যাকেট খুলে তারা মুঠোফোন, ব্যাটারি, মেমোরি কার্ড নিয়ে যায়। আর প্যাকেট, হেডফোন, চার্জারসহ বেশ কিছু সরঞ্জাম মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রেখে যায়।
মেহেদী বলেন, দোকানের একটি শাটারের তালা কেটে কিংবা বিকল্প কোনো চাবি দিয়ে খুলে ভেতরে ঢুকেছে চোরের দল। চুরি শেষ হওয়ার পর একই ধরনের অন্য তালা লাগিয়ে তারা চলে যায়। এ কারণে ওই শাটারে থাকা তালা খুলতে পারেননি কর্মচারীরা।
জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের নিরাপত্তাকর্মীকে আনা হয়েছে। ঘটনা নিছক চুরি না অন্য কোনো কোন্দলের জের, তা খতিয়ে দেখা হচ্ছে।