বনানীর কড়াইল বস্তিতে ৩০০ পুলিশের অভিযান, ২০০ ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকের আখড়া’ বলে পরিচিত বনানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। দুই ঘণ্টার এ অভিযানে ৩০০ পুলিশ সদস্য অংশ নিয়েছেন। এ অভিযানে ২০০ ইয়াবা বড়ি উদ্ধার এবং ১৫ জনকে আটকের কথা বলেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল আহাদ প্রথম আলোকে বলেন, কড়াইল বস্তিতে দুই ঘণ্টার অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। এতে পাঁচজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রয়েছেন। এ অভিযানে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুসারে, বনানীর কড়াইল বস্তি রাজধানীর অন্যতম আলোচিত ‘মাদকের আখড়া’। এখানে মাদক ব্যবসায়ীরা নিয়মিত মাদক বিক্রি করে থাকেন।

গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর কলাবাগান থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করে পুলিশ। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কলাবাগান থানার পান্থপথ, কাঁঠালবাগান, গ্রিন রোডের আশপাশ ও পান্থকুঞ্জ এলাকার আশপাশে প্রায় ৫০০ পুলিশ সদস্য মাদকবিরোধী অভিযানে অংশ নেন।