বনানী-গুলশানে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানী ও গুলশান-১ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বনানীর চারটি নির্মাতা প্রতিষ্ঠান এবং গুলশা​ন-১-এর দুটি রেস্তোরাঁকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ অভিযানে বনানীর ১৩ নম্বর সড়কে ফুটপাত ও রাস্তা দখল করে ইট, বালু, পাথরসহ নির্মাণসামগ্রী রাখার কারণে মুন, সুবাস্তু, শান্তা ও ডরিউন—এই চার নির্মাতাপ্রতিষ্ঠানকে ২৫ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অভিযানে গুলশান-১-এ রেস্তোরাঁ পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং রান্না করা ও কাঁচা খাবার একই ফ্রিজে রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফখরুদ্দিন রেস্তোরাঁকে ৬০ হাজার এবং পূর্ণিমা রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডিএনসিসির স্বাস্থ্য বিভাগীয় প্রসিকিউশন কর্মকর্তা আবদুস সালাম মৃধা, হারুনুর রশীদসহ আর্মড ফোর্স ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।