বনে মৌয়ালদের কাছে দস্যুদের চাঁদাবাজি
সুন্দরবনে মধু সংগ্রহে যাওয়া মৌয়ালদের কাছ থেকে বনদস্যু বাহিনীগুলো মাথাপিছু পাঁচ হাজার টাকা করে চাঁদা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বনে প্রবেশের আগেই মুঠোফোনে অর্থ লেনদেনের প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে চাঁদার টাকা নেওয়া হচ্ছে। চাঁদা দিয়ে টোকেন সংগ্রহ না করায় এক মৌয়ালকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, অন্য বছরের মতো এবারও ১ এপ্রিল থেকে সুন্দরবনের মধু সংগ্রহ মৌসুম শুরু হয়েছে। চলবে ১৫ জুন পর্যন্ত। মধু সংগ্রহকারীরা বন বিভাগের নির্ধারিত ফি দিয়ে অনুমতিপত্র সংগ্রহ করে যান সুন্দরবনে। প্রতিটি অনুমতিপত্রের মেয়াদ ৩০ দিন। একটি অনুমতিপত্রে একটি নৌকায় মধু সংগ্রহকারীর সংখ্যা থাকে ছয় থেকে ১০ জন।
অনুমতি সংগ্রহকারী কয়েকজন মৌয়াল বলেন, অনুমতিপত্র সংগ্রহের পর তাঁদের মুঠোফোনে বনদস্যু আলম বাহিনী মাথাপিছু পাঁচ হাজার টাকা ও রেজা বাহিনীর মাথাপিছু পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য বলে। টাকা না দিয়ে বনে গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে তাঁরা মাথাপিছু দুই বনদস্যু বাহিনীকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা করে চাঁদা দেন।
দুজন মৌয়াল বলেন, চাঁদা না দেওয়ায় খায়রুল ইসলাম (৪৫) নামের একজন মৌয়ালকে অপহরণ করে ৫০ টাকা দাবি করেছে রেজা বাহিনী। গত রোববার তাঁকে সুন্দরবনের সাতক্ষীরার কৈখালী স্টেশনের দাঁতনেখালী খাল থেকে অপহরণ করা হয়। খায়রুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের মুনছুর গাজীর ছেলে।
খায়রুলের সঙ্গের মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ এপ্রিল কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে খায়রুলসহ তাঁদের ১০ সদস্যের একটি মৌয়াল দল সুন্দরবনে যায়। রোববার কৈখালী স্টেশনের দাঁতনেখালী খালের পাশে মধুর চাক খোঁজার সময় তাঁরা রেজা বাহিনীর খপ্পরে পড়েন। তাঁরা রেজা বাহিনীকে টাকা দেওয়ার কোনো টোকেন দেখাতে না পারায় খায়রুলকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ সময় সাত দিনের মধ্যে টাকা পরিশোধ করার জন্য বলে দস্যুরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিক বলেন, এ পর্যন্ত মৌয়ালরা ৮০টি অনুমতিপত্র সংগ্রহ করেছেন। ৮০টি অনুমতিপত্রের বিপরীতে ছয় শতাধিক মৌয়াল মধু সংগ্রহে সুন্দরবনে ঢুকেছেন।
কেরামত আলী বলেন, কেউ অপহৃত হয়েছেন এমন কোনো খবর তাঁর জানা নেই। সাধারণত বনদস্যুদের হাতে জেলে, বাওয়ালি বা মৌয়াল অপহৃত হলে তাঁরা বন বিভাগ বা আইন প্রয়োগকারী সংস্থাকে না জানিয়ে নিজেরাই গোপনে মিটিয়ে থাকেন।