বনের জমি উদ্ধারের চেষ্টা, বিট কর্মকর্তাসহ ৪ জনকে মারধর
টাঙ্গাইলের সখীপুরে বনের জমিতে দুটি ঘর উচ্ছেদ করতে গিয়েছিলেন বন বিভাগের এক বিট কর্মকর্তাসহ চারজন। উচ্ছেদের সময় সংঘর্ষের পর এলাকাবাসী চারজনকেই মারধর করে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার ইছাদীঘি আতিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা যায়, ইছাদীঘি আতিয়াপাড়া গ্রামটি বন বিভাগের কালিদাস বিটের আওতায়। বন বিভাগের ২ নম্বর খতিয়ানভুক্ত ২১৮৮ দাগে ওই গ্রামের মোজাম্মেল হক তাঁর বসতবাড়ির পাশে পোলট্রি খামার করার জন্য ২৫ হাত লম্বা দুটি টিনের ঘর তোলেন। বন বিভাগ খবর পেয়ে কালিদাস বিট কর্মকর্তা সিরাজুল ইসলাম তিন বনপ্রহরী ও ছয়জন ঘর ভাঙা শ্রমিক নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ওই দুটি ঘর উচ্ছেদে অভিযান চালান। ওই সময় মোজাম্মেল ও তাঁর বড় ভাই মোতাহের বাধা দেন। একপর্যায়ে ঘর ভাঙা শ্রমিকদের সঙ্গে ঘরমালিকদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হন। মোজাম্মেল হকের পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে বিট কর্মকর্তাসহ চার বনপ্রহরীকে আটক করে মারধর করে। খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে সখীপুর থানা-পুলিশ ওই গ্রাম থেকে বন বিভাগের লোকজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আহত ব্যক্তিদের সবাইকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘরের মালিক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘ভোররাতে কালিদাস বিট অফিসের লোকজন অতর্কিত হামলা করে ঘর ভাঙতে শুরু করে। বাধা দিলে আমাদের ওপর হামলা করে।’ তাঁর দাবি, জমি বনের হলেও তাঁরা বংশপরম্পরায় ৫০ বছর ধরে ভোগদখল করে আছেন।
কালিদাস বিট কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘বনের জমিতে খামার করা সম্পূর্ণ অন্যায়। গোপনে ঘর নির্মাণ করায় আমরা উচ্ছেদে গেলে ওরা আমাদের সরকারি কাজে বাধা দেয় ও আটক করে মারধর করে। আমাদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘আটকের খবর পেয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন।’