বনের জমিতে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরের বেড়বাড়ি মৌজায় বনের জমিতে গড়ে তোলা বাজার। ছবিটি ৬ সেপ্টেম্বর তোলা 	প্রথম আলো
টাঙ্গাইলের সখীপুরের বেড়বাড়ি মৌজায় বনের জমিতে গড়ে তোলা বাজার। ছবিটি ৬ সেপ্টেম্বর তোলা প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুরের পাহাড়কাঞ্চনপুর বিমানবাহিনীর ঘাঁটির কাছে বন বিভাগের জমি দখল করে বাজার বসানো হয়েছে। গত ছয় বছরে ওই বাজারে ৮৪টি দোকান নির্মাণ করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তা সূত্রে জানা গেছে, টাঙ্গাইল বন বিভাগের বাঁশতৈল রেঞ্জের নলুয়া বিট এলাকায় বেড়বাড়ি মৌজার ২ নম্বর খতিয়ানে ২১১৫ দাগে বন ধ্বংস করে প্রায় এক একর বাজার বসানো হয়েছে। পাহাড়কাঞ্চনপুর বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটির মূল ফটক থেকে বাজারের দূরত্ব মাত্র ২০০ গজ। ওই বাজারের নাম দেওয়া হয়েছে ‘এয়ারফোর্স’ বাজার। বর্তমানে ওই বাজারে ৮৪টি দোকান আছে।
২০০৩-০৪ অর্থবছরে ওই দাগের এক হেক্টর জমি সামাজিক বনায়নের জন্য নলুয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুজাফর শামসুদ্দিনকে বরাদ্দ দেওয়া হয়। আবুজাফর বন বিভাগের সহযোগিতায় আকাশমণিগাছ রোপণ করেন। ২০০৯ সালের দিকে স্থানীয় লোকজন বন বিভাগের সহযোগিতায় ওই জায়গার গাছ কেটে বাজার বানানো শুরু করেন। ছয় বছরে ওই বাজারে পাকা ভবনসহ ৮৪টি ঘর নির্মাণ করা হয়েছে।
আবুজাফর সামসুদ্দিন বলেন, ‘ওই বাজারে আমার অংশের অর্ধেক জমি চলে গেছে। ২০১৪ সালের শেষ দিকে আমার প্লটটি দরপত্রের মাধ্যমে ১ লাখ ৬৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। ওই টাকার ৪৫ শতাংশ আমি পাব। আমার নামে বরাদ্দ করা জমিতে বাজার বসানো না হলে আমার ওই প্লট কমপক্ষে চার-পাঁচ লাখ টাকায় বিক্রি হতো। বাজার করার সময় আমি বাধা দিলেও কোনো লাভ হয়নি।’

বাজারের একটি ওষুধের দোকানের মালিক আতাউর রহমান বলেন, ‘তাঁর ঘরটি তুলতে কাউকে কোনো টাকা দেওয়া হয়নি। তবে দোকানটির কাগজপত্র করতে কিছু টাকা খরচ হয়েছে।’

ওই বাজারের দোকান মালিক সমিতির সভাপতি আবদুর রউফ শিকদার বলেন, ‘এখানে বাজার বসানোর আগে সড়কে ডাকাতি হতো। ডাকাতি রোধে স্থানীয় লোকজন ও তৎকালীন সাংসদের সহযোগিতায় এখানে বাজার বসানো হয়। আমরা কাউকে কোনো টাকাপয়সা দিইনি।’

সামাজিক বনায়ন উজাড় করে কীভাবে এখানে বাজার হলো, জানতে চাইলে নলুয়া বিট কর্মকর্তা আলাল খান বলেন, ‘আমি এ বিটে এক বছর আগে যোগদান করেছি। বাজার বসেছে সাড়ে ছয় বছর আগে। আমি ওই বাজারে পরিদর্শনে গিয়ে ৮৪টি ঘরমালিককে চিহ্নিত করেছি। তাঁদের নাম-পরিচয় সংগ্রহ করে উচ্ছেদের জন্য মামলার প্রস্তুতি চলছে।’

বন বিভাগের বাঁশতৈল রেঞ্জের কর্মকর্তা আতা উল মজিদ প্রথম আলোকে বলেন, মামলা হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুলিশের সহযোগিতায় ওই বাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। পরে প্রকৃত প্লট মালিককে জমি বুঝিয়ে দেওয়া হবে।