বনের জায়গার দখল নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত
বন বিভাগের জায়গার দখল নিয়ে সিলেটের কানাইঘাটে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত ও নারী-শিশুসহ ২০ জন আহত হয়েছে। গত বুধবার রাতে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী কালিজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের মছন আলীর ছেলে আলী আহমদ ওরফে আলাই (৪০) ও বশির আহমদ (৩২)। গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে হাসপাতালে ভর্তির পর গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁরা মারা যান। এ ঘটনায় দুই ভাইয়ের বড় ভাই আবু হাশেম বাদী হয়ে গতকাল সকালে কানাইঘাট থানায় ২৭ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গ্রামের মনির আলী, করিম উদ্দিন, কবির উদ্দিন, রহিম উদ্দিন, এখলাছ উদ্দিন, মঞ্জুর আহমদ ও লক্ষ্মীপুরের আবদুর রহমান নামের সাত ব্যক্তিকে আটক করেছে।
নিহত দুজনের বড় ভাই আবু হাশেম জানান, বন বিভাগের জমি দীর্ঘদিন ধরে তাঁদের পক্ষের লোকজন ব্যবহার করে আসছিলেন। বন্দোবস্ত নেওয়ার কথা বলে আরেক পক্ষ দখলের পাঁয়তারা করায় সংঘর্ষ বাধে। প্রতিপক্ষের লোকজন বাড়িতে ঢুকে হামলা করেন। আহতদের মধ্যে পাঁচজন নারী ও তিন শিশু রয়েছে।
বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতে দুজন নিহত হয়েছেন জানিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বলেন, গতকাল সকাল থেকে ঘটনাস্থলে একদল পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামের মনির আলী, করিম উদ্দিন, কবির উদ্দিন, রহিম উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।