বনের পাশে অবৈধ ৫০ করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে কালিদাস বন কার্যালয়ের সামনেই গড়ে তোলা হয়েছে করাতকল। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো
টাঙ্গাইলের সখীপুরে কালিদাস বন কার্যালয়ের সামনেই গড়ে তোলা হয়েছে করাতকল। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো

বন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে টাঙ্গাইলের সখীপুর বন বিভাগের তিনটি রেঞ্জের ১১টি বিটের আওতাধীন এলাকায় অবৈধভাবে ৫০টি করাতকল স্থাপন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংরক্ষিত শাল-গজারি ও সামাজিক বনায়নের ভেতর, বন ঘেঁষে এমনকি বন কর্মকর্তাদের কার্যালয়ের কাছেই এসব কল স্থাপন করা হয়েছে।
এসব করাতকল উচ্ছেদের দাবি জানিয়ে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কাছে ৮ ডিসেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন সখীপুর পৌরসভার করাতকল মালিক সমিতির নেতারা।
পৌরসভার করাতকলের মালিকদের অভিযোগ, বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনের বিধান না থাকলেও স্থানীয় বন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে দিন-রাত এসব করাতকলে অবাধে চেরানো হচ্ছে শাল-গজারিসহ সংরক্ষিত বনের গাছ।
বন বিভাগের তালিকা থেকে জানা যায়, ৫০টি অবৈধ করাতকলের মধ্যে বহেড়াতৈল রেঞ্জে ২৬টি, হাতিয়ায় ১৭টি ও বাঁশতৈল রেঞ্জে সাতটি।
সরেজমিনে দেখা যায়, হাতিয়া রেঞ্জ কার্যালয়ের ২০০ থেকে ৪০০ গজের মধ্যে শাহীন আল মামুন, দেলোয়ার হোসেন, আবুবকর ও আবু সাঈদের চারটি করাতকল। কালীদাস বিট কর্মকর্তার কার্যালয় থেকে মাত্র ১০০ গজের মধ্যে বহুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকবুল হোসেন ও যুবলীগের স্থানীয় নেতা আবদুর রাজ্জাক যৌথ মালিকানায় একটি ও ফরিদ হোসেন আরেকটি করাতকল স্থাপন করেছেন।
হাতিয়া রেঞ্জ কর্মকর্তা শামসুল হক বলেন, ‘এসব করাতকলের মালিক মাসোহারা তো দূরের কথা, তাঁরা আমাদের সালামও দেন না।’
৭ ডিসেম্বর বহেড়াতৈল রেঞ্জের কাঁকড়াজান বিট কার্যালয়ে গিয়ে দেখা যায়, ওই বিটের কাছে পশ্চিম পাশে জয়নাল আবেদিন ও উত্তর পাশে নূর জামাল করাতকল স্থাপন করেছেন।
নূর জামাল বলেন, ‘বন কর্মকর্তাদের ম্যানেজ করেই আমরা এসব কল চালাই।’ বন কার্যালয়ের পাশে করাতকল কীভাবে চলছে— জানতে চাইলে কাঁকড়াজান বিট কর্মকর্তা খলিলুর রহমান কোনো কথাই বলতে রাজি হননি।
সখীপুর পৌরসভার বৈধ করাত-কল মালিক সমিতির সভাপতি জিন্নত আলী জানান, অবৈধ করাতকলগুলোয় স্থানীয় বন বিভাগের লোকজনকে ম্যানেজ করে সরকারি বনের গাছ চেরাই চলছে।
পৌর এলাকার বাইরে থাকা করাতকলগুলোর মালিক সমিতির সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক আসলাম ভূঁইয়া জানান, স্থানীয় বন কর্মকর্তা বা প্রশাসনের কাউকে সমিতির পক্ষ থেকে কোনো মাসোহারা দেওয়া হয় না।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা বনায়ন কমিটির সভাপতি মোহাম্মদ আবু নাসের বেগ জানান, শিগগির অবৈধ করাতকল উচ্ছেদে অভিযান চালানো হবে।
বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা শামসুল ইসলাম চৌধুরী ও হাতিয়া রেঞ্জ কর্মকর্তা শামসুল হক বনাঞ্চলে তিনটি রেঞ্জে অবৈধভাবে ৫০টি করাতকল থাকার কথা স্বীকার করে জানান, উচ্ছেদের জন্য তালিকা তৈরি করে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মুঠোফোনে জানান, শিগগির ওই সব অবৈধ করাতকল উচ্ছেদে টাস্কফোর্স গঠন করে উচ্ছেদ অভিযান চালানো হবে।